Monday, November 2, 2026
জেলা

ফুলেশ্বরী রেলগেট বন্ধের প্রতিবাদে কর্মসূচি, পথে অশোক ভট্টাচার্য

Published by Newz4 Admin |
Devika Datta Posted by Devika Datta
- October 01, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
ফুলেশ্বরী রেলগেট বন্ধের প্রতিবাদে কর্মসূচি, পথে অশোক ভট্টাচার্য

শিলিগুড়ি: ফুলেশ্বরী রেলগেট স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সরব হল বাম নেতৃত্ব। শনিবার রাতে রেলগেটটি বন্ধ করে দেওয়ার পর থেকেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। রেললাইনের উপর দিয়ে শিলিগুড়ি টাউন ও জংশন থেকে এনজেপি পর্যন্ত ডাবল লাইন তৈরির কাজের জন্যই রেলগেটটি বন্ধ করা হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে।

রেলগেট বন্ধ হয়ে যাওয়ায় ফুলেশ্বরী, সংলগ্ন এলাকা এবং শহরের একাংশের বাসিন্দাদের যাতায়াতে সমস্যার আশঙ্কা তৈরি হয়েছে। বিকল্প হিসেবে ফুলেশ্বরী আন্ডারপাস দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হলেও সেখানে রাস্তার বেহাল দশা এবং জল জমার সমস্যায় ক্ষোভ আরও বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ একটি রাস্তা স্থায়ী ভাবে বন্ধ করার আগে পর্যাপ্ত বিকল্প পরিকাঠামো তৈরি করা হয়নি।

এই পরিস্থিতিতে রেলগেট বন্ধের প্রতিবাদে কর্মসূচিতে যোগ দেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। তাঁর নেতৃত্বে বাম কর্মী-সমর্থকেরা রেলগেটের কাছে প্রতিবাদ জানান। রেলগেট দ্রুত খুলে দেওয়ার দাবিও তোলা হয়।

অশোকের অভিযোগ, সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতের কথা বিবেচনা না করেই রেলগেট বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, বিকল্প রাস্তা পুরোপুরি প্রস্তুত না করে এ ভাবে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা বন্ধ করা হলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন স্থানীয় বাসিন্দারাই।

অন্য দিকে, রেলের ডাবল লাইন তৈরির কাজের স্বার্থেই গেটটি বন্ধ করা হয়েছে বলে রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। রেলগেট এলাকায় ইতিমধ্যেই GRP এবং RPF মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে দিকেও নজর রাখছে পুলিশ।

রেলগেট বন্ধকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বামেদের পক্ষ থেকে দ্রুত সমাধানের দাবি উঠলেও প্রশাসনের তরফে এখনও স্থায়ী বিকল্প ব্যবস্থা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে রেলগেট বন্ধের সিদ্ধান্ত ঘিরে স্থানীয় বাসিন্দাদের অসন্তোষ কতটা মেটে, এখন সেটাই দেখার।

— বিজ্ঞাপন —
Advertisement