শিলিগুড়ি: অবসরপ্রাপ্ত ডিএসপির বাড়িতে চুরির ঘটনায় তদন্তে আরও অগ্রগতি। চুরি যাওয়া কাঁসা-পিতলের বাসন ও রুপোর গয়না উদ্ধারের পাশাপাশি আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ বলে জানা গিয়েছে। ঘটনায় মাটিগাড়া থানার পুলিশের তদন্তে একাধিক তথ্য উঠে এসেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৬ অগস্ট সারদাপল্লির শিবমন্দির এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ডিএসপি হেমন্ত দাসের বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগ, বাড়ি থেকে বিপুল পরিমাণ রুপোর অলঙ্কার, কাঁসা ও পিতলের সামগ্রী এবং নগদ ২ হাজার টাকা চুরি যায়। এই ঘটনায় মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়।
তদন্তে নেমে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার শক্তিনগরের বাসিন্দা ধীরাজ শ-কে (২৪), ওরফে বাপ্পা শ-কে গ্রেফতার করে পুলিশ। তাঁকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে মাটিগাড়ার বাইপাস রোডের এএইচ-২ এলাকার বাসিন্দা গুলসান খাতুনের (৩০) কাছ থেকে প্রায় ১০ কেজি ৫০০ গ্রাম কাঁসা ও পিতলের বাসন এবং কিছু রুপোর অলঙ্কার উদ্ধার করা হয়। এর পরেই তাঁকে গ্রেফতার করা হয়।
তদন্তে আরও তথ্যের ভিত্তিতে রায়গঞ্জ থেকে লক্ষ্মীচাঁদ শ-কে গ্রেফতার করে পুলিশ। তাঁর কাছ থেকেও চুরি যাওয়া রুপোর অলঙ্কার, থালা ও গ্লাস-সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
উদ্ধার হওয়া সামগ্রীগুলি ওই বাড়ি থেকে চুরি যাওয়া জিনিস কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে।