আলিপুরদুয়ার, ১০ নভেম্বর: সুপারি পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল পুলিশ। কামাখ্যাগুড়িতে একসঙ্গে চারটি সুপারির গোডাউন সিল করল কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। ওই চারটি গোডাউন থেকে প্রায় ৮০০ বস্তা সুপারি উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানের খবর ছড়িয়ে পড়তেই চারটি গোডাউনের মালিক গা ঢাকা দিয়েছেন। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। গোডাউন মালিকদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। উদ্ধার হওয়া সুপারির বৈধ কাগজপত্র রয়েছে কি না, কোথা থেকে সেগুলি আনা হয়েছিল এবং কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, এদিনই শামুকতলাতেও প্রায় আড়াই হাজার বস্তা সুপারি মজুত থাকা একটি গোডাউন সিল করেছিল পুলিশ। তার পর ফের কামাখ্যাগুড়িতে একসঙ্গে চারটি গোডাউন সিল হওয়ায় সুপারি পাচারচক্রের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার সাউ জানান, বিদেশ থেকে সুপারি ঢোকার খবর পুলিশের কাছে রয়েছে। সুপারি পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চলছে। এই অভিযান আগামী দিনেও লাগাতার জারি থাকবে।