আলিপুরদুয়ার, ৩ নভেম্বর: ফের বুনো হাতির হামলায় প্রাণহানির ঘটনা ঘটল ডুয়ার্সে। মেচপাড়া চা বাগানের ৯ নম্বর লাইনে হাতির হামলায় মৃত্যু হল ৬৯ বছর বয়সি ভুটকু ভোক্তার। মঙ্গলবার ভোরের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর প্রায় ৫টা নাগাদ শৌচকর্মের জন্য বাড়ি থেকে বাইরে বেরিয়েছিলেন ভুটকু ভোক্তা। সেই সময় বাড়ির কাছেই ঝোপের মধ্যে একটি বুনো হাতি লুকিয়ে ছিল। আচমকাই হাতির সামনে পড়ে যান ওই বৃদ্ধ। এরপর হাতিটি তাঁকে পিষে দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বন দফতর ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে বনকর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
বন দফতর সূত্রে জানানো হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে। তবে এই ঘটনায় ফের চা বাগান সংলগ্ন এলাকায় হাতি-মানুষ সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ল।