অনন্যা দে, আলিপুরদুয়ার, ২৪ অক্টোবর: আধুনিকতার ছোঁয়ায় বদল এসেছিল লক্ষ্মীপুজোর আয়োজনে। মাটির ছোট লক্ষ্মী প্রতিমার প্রতি বেড়েছিল ঝোঁক। তবে এবার ফের পুরানো রীতিতে ফিরছেন পুণ্যার্থীরা। কোজাগরী লক্ষ্মীপুজোর আগে বাজারে বেড়েছে লক্ষ্মী সরার চাহিদা। গত বছরের তুলনায় এবার বেশি পরিমাণে সরা আনতে হয়েছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা।
বাংলার লক্ষ্মীপুজোর সঙ্গে সরার সম্পর্ক বহু প্রাচীন। মাটির তৈরি এই সরা শুধুমাত্র পুজোর উপকরণ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির ধর্মীয় বিশ্বাস, কৃষিভিত্তিক জীবনযাত্রা এবং লোকশিল্পের ঐতিহ্য। সরা পৃথিবীর উর্বরতা, সমৃদ্ধি ও সৃষ্টির প্রতীক হিসেবেও বিবেচিত হয়। লক্ষ্মীসরা, ঢাকনাসরা, আমসরা ও ফুলসরা-সহ বিভিন্ন ধরনের সরা প্রচলিত রয়েছে বাংলায়।
বিশেষ করে পূর্ববঙ্গের ঢাকা, বিক্রমপুর, ফরিদপুর ও মানিকগঞ্জ এলাকায় সরা আঁকার ঐতিহ্য ছিল যথেষ্ট সমৃদ্ধ। দেশভাগের পর সেই সংস্কৃতি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তেও ছড়িয়ে পড়ে। ফরিদপুরী ও সুরেশ্বরি সরার জনপ্রিয়তা এখনও রয়েছে।
সরা ব্যবসায়ী প্রভাস চক্রবর্তী জানান, গত বছর অনেকেই ছোট লক্ষ্মী প্রতিমা কিনলেও এবার সরার প্রতি আগ্রহ বেড়েছে। তাঁর কথায়, পুণ্যার্থীদের চাহিদা মেটাতে এবার বেশি সরা আনতে হয়েছে। পুরানো রীতিতে ফিরে আসার এই প্রবণতা বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের জন্য ইতিবাচক বলেই মনে করছেন ব্যবসায়ীরা।