অনন্যা দে, আলিপুরদুয়ার, ১৪ অক্টোবর: পর্যটকদের সুবিধার্থে জলদাপাড়া জাতীয় উদ্যানে চালু হল অনলাইন সাফারি বুকিং ব্যবস্থা। বুধবার, ১৪ অক্টোবর থেকে এই পরিষেবা শুরু করল রাজ্য বনদপ্তর। এবার থেকে পর্যটকেরা এক মাস আগে পর্যন্ত অনলাইনে সাফারি বুকিং করতে পারবেন। এর ফলে আগে থেকেই পছন্দের রুট বেছে নিয়ে ভ্রমণের পরিকল্পনা করা আরও সহজ হবে।
জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগ সূত্রে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সলকুমার, মাদারিহাট, লঙ্কাপাড়া, চিলাপাতা ও কোদালবস্তি—এই পাঁচটি পর্যটন রুটে প্রতিদিন মোট ৯১২টি সাফারি আসন অনলাইনে বুকিংয়ের জন্য উপলব্ধ থাকবে। পাশাপাশি হাতি সাফারির জন্যও ৪৮টি আসন অগ্রিম অনলাইন বুকিংয়ের মাধ্যমে সংরক্ষণ করা যাবে।
বন বিভাগে এই উদ্যোগে পর্যটন ব্যবস্থাকে আরও সুসংগঠিত ও পর্যটকবান্ধব করে তোলার পাশাপাশি স্থানীয় অর্থনীতিও উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। আগে থেকে বুকিংয়ের সুবিধা থাকায় হোটেল, হোমস্টে, পর্যটন সংস্থা এবং পরিবহণ পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও তাঁদের পরিষেবার পরিকল্পনা আগাম করতে পারবেন।
দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকদের পাশাপাশি ভুটান ভ্রমণে আসা বিদেশি পর্যটকদের কাছেও জলদাপাড়া আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা বনদপ্তরের। জয়গাঁ সীমান্তের নিকটবর্তী হওয়ায় ভুটান সফরের সঙ্গে জলদাপাড়া ভ্রমণকেও যুক্ত করতে পারবেন পর্যটকেরা।
জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার পারভিন কাসওয়ান জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে জলদাপাড়ার বন্যপ্রাণ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ আরও সহজলভ্য হবে। অনলাইনে বুকিং করা যাবে বনবিভাগে ওয়েবসাইট \*\*https://wbsfda.wb.gov.in\*\*-এ।