Friday, November 13, 2026
জেলা

পাঁচশো বছরের প্রাচীন জংলা কালী মন্দির, সাধক বামাখ্যাপাও সাধনা করেছিলেন

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- November 06, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
ফালাকাটার জংলা কালী মন্দির

অনন্যা দে, আলিপুরদুয়ার, ৫ নভেম্বর: দেবী চৌধুরানীর আমলের ইতিহাস ও লোককথা জড়িয়ে রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটার জংলা কালী মন্দিরের সঙ্গে। প্রায় পাঁচশো বছরের প্রাচীন এই মন্দিরে আজও পূজিত হন দেবী কালী। কথিত আছে, একসময় গভীর জঙ্গলের মধ্যে প্রতি অমাবস্যায় ডাকাতরা দেবীর পুজো করতেন। জঙ্গলের মধ্যে পুজো হওয়ার কারণেই দেবীর নাম হয় জংলা কালী। এই মন্দিরে এসেছিলেন সাধক বামাখ্যাপাও। এখানে ধ্যান ও সাধনা করেছিলেন তিনি।

একসময় ফালাকাটার মুজনাই নদীর পাড়ে ছিল ঘন জঙ্গল। বন্য পশুর আনাগোনায় এলাকায় দিনের বেলাতেও অন্ধকার নেমে থাকত। ভয়ে সাধারণ মানুষ সেই এলাকায় যেতে চাইতেন না। অন্যদিকে, মুজনাই নদীপথে নৌকায় চলত বাণিজ্য।

মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে প্রচলিত রয়েছে এক কাহিনি। স্থানীয়দের দাবি, প্রতি বছর দীপান্বিতা অমাবস্যার রাতে জঙ্গলের ভিতর থেকে কাঁসর ও ঘণ্টার আওয়াজ শোনা যেত। পরদিন সকালে সেখানে গিয়ে দেখা যেত, দেবী কালীর পুজো হয়ে গিয়েছে। পড়ে রয়েছে পুজোর সামগ্রী। কিন্তু কারা পুজো করতেন, তা জানা যেত না। পরবর্তীতে জঙ্গল পরিষ্কার করে জনবসতি গড়ে উঠলে স্থানীয় বাসিন্দারা সেখানে ছোট মন্দির তৈরি করে পুজো শুরু করেন। ধীরে ধীরে মন্দিরের সম্প্রসারণ হয়।

মন্দির প্রাঙ্গণে আজও সাধক বামাখ্যাপার সাধনার বেদী রয়েছে। নিত্যদিন সেটিও পুজো করা হয়। মন্দিরের পুরোহিত দিলীপ আচার্য জানান, কালীপুজোর রাতে বিশেষ পুজোর আয়োজন হয়। সেদিন ভক্তদের ভিড় উপচে পড়ে।

— বিজ্ঞাপন —
Advertisement