অনন্যা দে, আলিপুরদুয়ার, ২১ অক্টোবর: বিজয়া দশমীতে ঐতিহ্য ও পারিবারিক মিলনের বার্তা নিয়ে ডুয়ার্সজুড়ে পালিত হল গোর্খা সম্প্রদায়ের দশাই টিকা উৎসব। পরিবারের ছোট সদস্যদের কপালে টিকা পরিয়ে সুখ, সমৃদ্ধি ও দীর্ঘায়ুর আশীর্বাদ করলেন বড়রা। উৎসবকে ঘিরে বিভিন্ন চা বাগান ও এলাকায় দেখা গেল আনন্দের পরিবেশ।
গোর্খা সম্প্রদায়ের ঐতিহ্য অনুযায়ী, দশাইন উৎসবের বিজয়া দশমীর দিনে পরিবারের প্রবীণ সদস্যরা ছোটদের কপালে চাল, দই ও সিঁদুরের মিশ্রণে তৈরি টিকা পরিয়ে দেন। পাশাপাশি তাঁদের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। ছোটরাও বড়দের প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করে। এই প্রথার মধ্য দিয়ে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হয়।
গোর্খা সম্প্রদায়ের কাছে দশাইন শুধু ধর্মীয় উৎসব নয়, পারিবারিক পুনর্মিলন ও সামাজিক সম্প্রীতিরও প্রতীক। ফুলপতি থেকে বিজয়া দশমী পর্যন্ত বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে চলে উৎসবের আনন্দ।
এদিন আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ভাটপাড়া চা বাগানে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী তথা কালচিনির বিধায়ক বিশাল লামার বাড়িতেও পালিত হয় দশাই টিকা উৎসব। পরিবারের সদস্যদের নিয়ে ঐতিহ্য মেনে টিকা পরানো ও আশীর্বাদ বিনিময়ের মধ্য দিয়ে উৎসব উদযাপন করা হয়। সব মিলিয়ে দশাই টিকার মাধ্যমে ডুয়ার্সজুড়ে ফুটে উঠল ঐতিহ্য, ভালোবাসা ও পারিবারিক বন্ধনের ছবি।