অনন্যা দে, আলিপুরদুয়ার, ২৭ অক্টোবর: বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল ছেড়ে প্রতিবেশী রাজ্য অসমের কোকরাঝাড়ে রায়মোনা টাইগার রিজার্ভের কাছে পৌঁছে গিয়েছে বক্সার বাঘিনি। সম্ভবত সঙ্গীর খোঁজেই তার এই অসমমুখী যাত্রা। যদিও বাঘিনির অসমে পৌঁছনোর খবর নিয়ে এখনও সরাসরি মুখ খোলেনি বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ।
বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে হেলিকপ্টারে করে আলিপুরদুয়ারের বক্সা জঙ্গলে আনা হয়েছিল বাঘিনিটিকে। গত ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে তাকে জঙ্গলে ছাড়া হয়। বক্সায় বাঘের বংশবৃদ্ধির লক্ষ্যে নেওয়া হয়েছিল এই উদ্যোগ।
বন দফতরের পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে একটি পুরুষ বাঘ আনার কথা। পরবর্তী পর্যায়ে আরও একটি বাঘিনি আনার পরিকল্পনা রয়েছে। দুটি বাঘিনি ও একটি পুরুষ বাঘের মাধ্যমে বক্সায় নতুন প্রজন্মের জন্ম দেওয়াই লক্ষ্য।
কিন্তু তার আগেই বাঘিনির অসমমুখী যাত্রা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন প্রথম পর্যায়েই জোড়ায় বাঘ-বাঘিনিকে আনা হয়নি, তা নিয়ে উঠছে প্রশ্ন।
বক্সার বনবস্তির বাসিন্দা ও পরিবেশবিদ লালসিং ভুজেল বলেন, “বক্সা জঙ্গলে একসময় ৩০টির বেশি বাঘ ছিল। পরে বাঘ অন্যত্র চলে যায়। বক্সায় বাঘ আনার আগে তাদের উপযুক্ত পরিবেশ তৈরি করা উচিত।” তাঁর বক্তব্যে বাঘ পুনর্বাসনের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।