Tuesday, November 10, 2026
জেলা

বানিয়াগাঁওয়ে খাঁচাবন্দি চিতাবাঘ, স্বস্তিতে এলাকাবাসী

Published by স্মৃতি মণ্ডল |
অনন্যা দে Posted by অনন্যা দে
- November 10, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
অবশেষে বানিয়াগাঁওয়ে খাঁচাবন্দি চিতাবাঘ

আলিপুরদুয়ার, ১০ নভেম্বর: অবশেষে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ। বেশ কিছুদিন ধরে চিতাবাঘের আনাগোনায় আতঙ্কে দিন কাটাচ্ছিলেন বানিয়াগাঁও এলাকার বাসিন্দারা। রাতের অন্ধকারে লোকালয়ে ঢুকে হাঁস-মুরগি ও ছাগল শিকার করছিল চিতাবাঘটি। অবশেষে খাঁচাবন্দি হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকায়।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, বানিয়াগাঁও এলাকাটি গদাধর রেঞ্জের অধীন। বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় চিতাবাঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল। সন্ধ্যা নামলেই লোকালয়ের আশপাশে ঘোরাফেরা করত বন্যপ্রাণীটি। সুযোগ পেলেই বাড়িতে ঢুকে গৃহপালিত পশু ও পাখি ধরে নিয়ে যাচ্ছিল। ফলে আতঙ্কে রাতের বেলায় বাড়ির বাইরে বের হতেও ভয় পাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা।

চিতাবাঘের উপদ্রব থেকে রেহাই পেতে বন দফতরের কাছে খাঁচা বসানোর দাবি জানান এলাকাবাসী। বাসিন্দাদের দাবিকে গুরুত্ব দিয়ে গদাধর রেঞ্জের বনকর্মীরা নির্দিষ্ট এলাকায় খাঁচা পাতেন। অবশেষে মঙ্গলবার সেই খাঁচাতেই ধরা পড়ে চিতাবাঘটি।

চিতাবাঘ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় স্বস্তি ফেরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা। তাঁরা চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। বন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রথমে চিতাবাঘটির শারীরিক পরীক্ষা করা হবে। এরপর তার শারীরিক অবস্থা ও বন দফতরের নিয়ম মেনে উপযুক্ত জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

— বিজ্ঞাপন —
Advertisement