Sunday, November 1, 2026
আল্ট্রা লোকাল

ম্যানেজার উধাও, অনিশ্চয়তায় কোহিনুর চা বাগানের ৮৮৮ শ্রমিক পরিবার

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 22, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
ম্যানেজার উধাও, অনিশ্চয়তায় কোহিনুর চা বাগানের ৮৮৮ শ্রমিক পরিবার

অনন্যা দে, আলিপুরদুয়ার : পুজোর আনন্দ মিটতেই অন্ধকার নেমে এল কোহিনুর চা বাগানে। কাউকে কিছু না জানিয়েই বাগান ছেড়ে চলে গিয়েছেন ম্যানেজার। ফলে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন বাগানের ৮৮৮টি শ্রমিক পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আলিপুরদুয়ার জেলার কোহিনুর চা বাগানে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো কাজে যোগ দিতে বাগানে পৌঁছন শ্রমিকরা। কিন্তু সেখানে গিয়ে তাঁরা দেখেন, ম্যানেজারের বাংলো বন্ধ। কর্তৃপক্ষের কাউকেই দেখতে না পেয়ে খোঁজখবর শুরু করেন তাঁরা। পরে জানতে পারেন, রাতের অন্ধকারেই বাগান ছেড়ে চলে গিয়েছেন ম্যানেজার। তাঁর এভাবে চলে যাওয়ার ঘটনায় হতবাক শ্রমিকরা।

ম্যানেজারের দেখা না পেয়ে কাজে যোগ দেননি শ্রমিকরা। বাগানের ভিতরে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান তাঁরা। বাগানের ভবিষ্যৎ কি হবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে শ্রমিক মহলে। কারণ, এই চা বাগানের উপরই নির্ভরশীল ৮৮৮টি শ্রমিক পরিবারের জীবিকা।

ঘটনার পর শ্রমিক নেতৃত্বের তরফে থানায় গিয়ে ম্যানেজার ও মালিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অবিলম্বে মালিকপক্ষকে বাগানে এসে পরিস্থিতি স্পষ্ট করার দাবি জানিয়েছেন শ্রমিকরা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই পরিস্থিতিতে কোহিনুর চা বাগানে কাজকর্ম ও শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে।

— বিজ্ঞাপন —
Advertisement