বাঁকুড়া, প্রায় তিনশো বছরের প্রাচীন ঐতিহ্য, আধ্যাত্মিকতা এবং ভক্তির মেলবন্ধনে আজও স্বমহিমায় বিরাজ করছেন বাঁকুড়া শহরের যোগীপাড়ার দয়াময়ী মা। যুগের পরিবর্তন হলেও, যোগীপাড়ার ব্যানার্জি বাড়ির দয়াময়ী মন্দিরে আজও অম্লান মা কালীর আরাধনা। প্রতি বছর এই পুজোকে কেন্দ্র করে উৎসবের আমেজ তৈরি হয় গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩০০ বছর আগে রামগোপাল বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই ঐতিহাসিক পুজোর সূচনা হয়েছিল। সেই সময় বর্তমানের মতো সুদৃশ্য পাকা মন্দির ছিল না; মাটির একটি ছোট্ট চালাঘরে সম্পূর্ণ তন্ত্রমতে মায়ের পুজো শুরু হয়। পরবর্তীকালে বংশপরম্পরায় এবং ভক্তদের সহযোগিতায় ধীরে ধীরে গড়ে ওঠে আজকের এই দৃষ্টিনন্দন মন্দির। বর্তমানে কষ্টিপাথরের মূর্তিতে নিত্য পূজিত হন দয়াময়ী মা।
এলাকাবাসী ও দূরদূরান্ত থেকে আসা ভক্তদের মনে এই মন্দিরকে ঘিরে রয়েছে অগাধ বিশ্বাস। কথিত আছে, দয়াময়ী মায়ের কাছে কেউ ভক্তিভরে মানত করলে মা তাঁর মনোবাঞ্ছা পূরণ করেন। মায়ের এই অলৌকিক মহিমার টানেই বছরের পর বছর ধরে শুধু বাঁকুড়া নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসেন যোগীপাড়ার এই প্রাচীন দয়াময়ী মায়ের মন্দিরে।
চিরাচরিত নিয়ম, নিষ্ঠা ও ব্যাপক জাঁকজমকের সাথে প্রতি বছর আয়োজন করা হয় মায়ের পুজোর। প্রাচীন রীতি মেনে তন্ত্রমতেই সম্পন্ন হয় পুজোর সমস্ত আচার-অনুষ্ঠান। ৩০০ বছর পার করেও ব্যানার্জি বাড়ির এই পুজো আজও বাঁকুড়াবাসীর কাছে এক অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক আকর্ষণ।