দেবিকা দত্ত:শিলিগুড়ি: দুর্গাপুজোর মধ্যে শহরে অপরাধমূলক ঘটনা ঘটানোর ছক বানচাল করল ভক্তিনগর থানার পুলিশ। চতুর্থীর গভীর রাতে জেলা পরিষদ রোডের একটি নির্জন এলাকা থেকে অস্ত্র-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের নাম ড্ডু সাহা (৩৩), অলোক রায় (৩৮) এবং চাঁদ শেখ (১৯)। তিনজনই ভক্তিনগর থানা এলাকার বাসিন্দা। ঘটনাস্থল থেকে কয়েকজন পালিয়ে গেলেও তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজো উপলক্ষে শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ ঠেকাতে বিভিন্ন এলাকায় চলছে রাতভর টহলদারি। সেই নজরদারির মধ্যেই চতুর্থীর গভীর রাতে জেলা পরিষদ রোডের একটি নির্জন জায়গায় কয়েকজনের জমায়েত নজরে আসে ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশের। অভিযোগ, সেখানে বসে তারা কোনও বড়সড় অপরাধমূলক ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সেখান থেকে পালিয়ে যায়। তবে তৎপরতার সঙ্গে অভিযান চালিয়ে তিনজনকে ধরে ফেলেন পুলিশকর্মীরা। পরে তাঁদের কাছ থেকে অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য রাখা বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে ধৃতেরা তাদের আরও কয়েকজন সঙ্গীর সঙ্গে মিলে অপরাধের পরিকল্পনার কথা জানিয়েছে। যদিও ঠিক কী ধরনের অপরাধ ঘটানোর ছক কষা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ধৃত তিনজনকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। অন্যদিকে, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে ভক্তিনগর থানার পুলিশ। পুজোর মরশুমে শহরের নিরাপত্তা বজায় রাখতে নজরদারি ও টহলদারি আরও বাড়ানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।