Monday, November 2, 2026
জেলা

বাগডোগরায় এসটিএফের অভিযান, ৯৯১ গ্রাম সন্দেহভাজন ব্রাউন সুগার-সহ গ্রেফতার যুবক

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 11, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
বাগডোগরায় এসটিএফের অভিযান, ৯৯১ গ্রাম সন্দেহভাজন ব্রাউন সুগার-সহ গ্রেফতার যুবক

শিলিগুড়ি: মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশের বিশেষ তদন্তকারী দল (এসটিএফ)-এর শিলিগুড়ি ইউনিট। বাগডোগরার গোসাঁইপুর এলাকা থেকে ৯৯১ গ্রাম সন্দেহভাজন ব্রাউন সুগার-সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম এমডি মক্সেদুল (২২)। তিনি নকশালবাড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে।

এসটিএফ সূত্রে খবর, গত ১০ অক্টোবর নির্দিষ্ট গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে বাগডোগরা থানার অন্তর্গত গোসাঁইপুর এলাকায় অভিযান চালান আধিকারিকেরা। সেই সময় সন্দেহজনক গতিবিধি নজরে আসায় মক্সেদুলকে আটক করে তল্লাশি চালানো হয়। তাঁর কাছ থেকেই উদ্ধার হয় ৯৯১ গ্রাম সন্দেহভাজন ব্রাউন সুগার। এরপর তাঁকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে এসটিএফের অনুমান, উদ্ধার হওয়া মাদক মালদা জেলার কালিয়াচক থেকে আনা হয়েছিল। সেই মাদক নকশালবাড়ি এলাকায় পাচারের পরিকল্পনা ছিল বলে তদন্তকারীদের প্রাথমিক ধারণা। তবে গোপন সূত্রে খবর পেয়ে দ্রুত অভিযান চালানোয় পাচারের পরিকল্পনা বানচাল করা সম্ভব হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।

মাদক পাচারের অভিযোগে ধৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। রবিবার তাঁকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে তাঁকে চার দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এই ঘটনার পিছনে কোনও বড় মাদক পাচারচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন এসটিএফের আধিকারিকেরা। কালিয়াচক থেকে কীভাবে মাদকের চালান নকশালবাড়িতে পৌঁছনোর কথা ছিল, এই কারবারে আর কারা জড়িত এবং পাচারের নেপথ্যে কোনও সংগঠিত চক্র কাজ করছে কি না, সেই সমস্ত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

মাদক পাচারের শিকড় খুঁজতে ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের অন্য সদস্যদের সন্ধান চালানো হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এসটিএফ।

— বিজ্ঞাপন —
Advertisement