পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর মেডিকাল কলেজ হাসপাতালে তোলপাড়, হঠাৎ হাজির রাজ্যের মন্ত্রী। এদিন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন বিভাগ এবং কৃষি বিভাগ দফতরের প্রতিমন্ত্রী অমিয় কিস্কুকে হাসপাতালের ভেতর দেখে চক্ষু চড়কগাছ সবার। আসলে তিনি এসেছিলেন বিশেষ এক রোগীর খবর নিতে। তবে তার মধ্যে মন্ত্রী অবশ্য ভোলেননি পরিষেবার খোঁজ খবর নিতে বা পরিদর্শন করতে। ঝাড়গ্রাম জেলার নায়াগ্রাম বিধানসভার বিধায়ক অমিয় কিস্কু।তাঁর কোনও এক নাতনি ভরতি রয়েছে এই হাসপাতালেই। তার শারীরিক অবস্থার খোঁজ নিতেই তিনি এদিন আসেন। হাসপাতাল পরিদর্শনও করেন তার মধ্যেই। মঙ্গলবার বিকেলে মন্ত্রী অমিয় কিস্কু হঠাৎই হাজির হন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। মন্ত্রী জানান তার পাড়ার একটি মেয়ে, সম্পর্কে নাতনি শারীরিক সমস্যা নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এদিন তাকে দেখতেই তিনি এসেছিলেন। এরপর তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। মাতৃমা বিভাগ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে ভালো চিকিৎসা হচ্ছে বলেও তিনি জানান। তবে হাসপাতালের নুতুন বিল্ডিংয়ে মেডিসিন ওয়ার্ডে কিছু সমস্যা রয়েছে বলে তিনি জানান। আরও উন্নতির প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। এছাড়াও মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার ও নার্সের সংখ্যাও বাড়ানোর প্রয়োজন বলে জানান মন্ত্রী।
এদিন রাজ্যের মন্ত্রী অমিয় কিস্কুর হঠাৎ করেই হাসপাতালে আগমনকে ঘিরে নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার, নার্সরা।
হাসপাতাল সূত্রে খবর, মন্ত্রী হাসপাতাল পরিদর্শনে আসেননি।তিনি এসেছিলেন তাঁর একজন চিকিৎসাধীন আত্মীয়কে দেখতে। এরপর মন্ত্রী নিজে হাসপাতাল ঘুরে দেখেন এবং হাসপাতালের প্রয়োজনীয় বিষয়গুলো ওনাকে জানান হয়।