বাঁকুড়া, মহম্মদ শাহজাহান আনসারী:দুর্গাপূজোর প্রাক্কালে বাঁকুড়া শহরের কানকাটা এলাকায় একটি জনকল্যাণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজসেবী মৈত্রী দানা ভট্টাচার্যের আন্তরিক উদ্যোগে আয়োজিত এই বিশেষ শিবিরে এলাকার প্রায় দুই হাজার দুঃস্থ ও সাধারণ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। উৎসবের প্রাক্কালে নতুন পোশাক পেয়ে স্থানীয় মানুষজনদের মুখে খুশির হাসি চওড়া হয়েছে।
এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচির গুরুত্ব আরও বাড়িয়ে দেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার (SP) এবং বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। বিশিষ্ট অতিথিদের এই উপস্থিতি উপস্থিত সাধারণ মানুষকে বিশেষভাবে উৎসাহিত করে।
শিবিরের মূল আয়োজক মৈত্রী দানা ভট্টাচার্য এই সফল আয়োজনের পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জানান, “পুজো আসা মানেই সবার মনে একটা আলাদা আনন্দ আর উদ্দীপনা তৈরি হওয়া। কিন্তু সমাজের সকলের কাছে সেই আনন্দ সমভাবে পৌঁছায় না। সেই ভাবনা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। প্রায় দুই হাজার মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিতে পেরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।”
পুজোর আগে কানকাটা এলাকার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।