দেবিকা দত্ত:শিলিগুড়ি: দোকানমালিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অনলাইনে ১ লক্ষ ২২ হাজার ৭০০ টাকা সরিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন একটি স্পোর্টস দোকানের হিসাবরক্ষক। ধৃতের নাম রাহিত বিশ্বাস। হিলকার্ট রোডের ওই দোকানের মালিক পরিমল সরকারের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে প্রধাননগর থানার পুলিশ। ঘটনার সঙ্গে আর কোনও আর্থিক অনিয়ম জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ন’মাস ধরে ওই স্পোর্টস দোকানে হিসাবরক্ষক হিসেবে কাজ করছিলেন রাহিত। সম্প্রতি দোকানের মালিক পরিমল সরকারের অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখতে গিয়ে কিছু অসঙ্গতি নজরে আসে। অভিযোগ, তাঁর অজান্তে এবং অনুমতি ছাড়াই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য একটি অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা হয়েছে।
পরিমল সরকারের অভিযোগ, অনলাইনে মোট ১ লক্ষ ২২ হাজার ৭০০ টাকা সরিয়ে নেওয়া হয়েছে। শুধু ওই টাকাই নয়, অন্য কোনও লেনদেনেও অনিয়ম হয়েছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। বিষয়টি জানার পর গতকাল প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকানমালিক।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। আর্থিক লেনদেনের সূত্র ধরে তদন্তে নেমে গতকাল রাতে রাহিত বিশ্বাসকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ।
ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখতে ধৃতের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছেন তদন্তকারীরা। কীভাবে ওই টাকা স্থানান্তর করা হয়েছিল এবং এর পিছনে অন্য কারও ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে প্রধাননগর থানার পুলিশ।