সায়নী সরকার: পশ্চিম বর্ধমান: সাত সকালে বর্ধমান শহরের বীরহাটা মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল কাকা ও ভাইঝির, আহত আরও এক।
বীরহাটা প্যান্টালুন্স শোরুমের সামনে ট্রাক্টর এসে পরপর ধাক্কা মারে স্টেশনমুখী মোটরসাইকেল ও রিক্সায়।
ঘটনায় গুরুতরভাবে জখম হন মোটরসাইকেলে সওয়ার মইদুল মোল্লা (৩৫) ও তাঁর ভাইঝি সোহানা সুলতানা (৬) এবং রিক্সাচালক।
তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিকেলে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মইদুল মোল্লা ও সোহানা সুলতানাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতরভাবে আহত অবস্থায় চিকিৎসাধীন রিক্সাচালক।
ঘটনার বিষয়ে মৃত মইদুল মোল্লার ভাই আজহারউদ্দিন মোল্লার দাবি, ভোর সাড়ে ৫টা থেকে ৬টা নাগাদ স্কুলে ফুল আনার কাজে বের হয়েছিলেন তাঁর দাদা ও ভাইঝি। বীরহাটার কাছে একটি ট্রাক্টর বেপরোয়াভাবে রং সাইড দিয়ে এসে প্রথমে একটি রিক্সায় ধাক্কা মারে, এরপর পুজোর প্যান্ডেল ভেঙে তাঁদের মোটরবাইকে সজোরে ধাক্কা দেয়।
তিনি অভিযোগ করেন, ট্রাক্টরচালক মদ্যপ অবস্থায় ছিলেন। ঘটনাস্থলেই মইদুল মোল্লার মৃত্যু হয় এবং শিশুটিকেও গাড়ি পিছিয়ে এসে পিষে দেওয়া হয়েছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন ও দাবি করেন এটি নিছক দুর্ঘটনা নয়, কার্যত খুন। পাশাপাশি শহরে বেআইনিভাবে ট্রাক্টর চলাচল নিষিদ্ধ করার জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানান তিনি।
দুর্ঘটনাটি ঠিক কীভাবে ঘটল, তা খতিয়ে দেখছে বর্ধমান থানার পুলিশ।