পিউ নন্দী : পুরুলিয়া : অবৈধ বালি পরিবহণের বিরুদ্ধে ফের সক্রিয় পুরুলিয়া জেলা পুলিশ। বুধবার সকালে ঝালদা–গোলা রোডে রেলগেটের কাছে নাকা চেকিং চালিয়ে প্রায় ৪০০ সিএফটি সন্দেহভাজন অবৈধ বালি-সহ চারটি ট্রাক্টর ও ট্রলি বাজেয়াপ্ত করল ঝালদা থানার পুলিশ। চারটি গাড়ির কোনওটিরই রেজিস্ট্রেশন নম্বরপ্লেট ছিল না। পুলিশের অভিযানের খবর পেয়ে চালকেরা গাড়ি ফেলে পালিয়ে যায় বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে অবৈধ বালি পরিবহণের খবর পেয়ে এ দিন সকালে ঝালদা থানার একটি দল ওই এলাকায় নাকা চেকিং শুরু করে। পুলিশকর্মীরা সন্দেহজনক চারটি ট্রাক্টর-ট্রলিকে আটক করেন। গাড়িগুলিতে থাকা বালির বৈধ উৎস ও পরিবহণ সংক্রান্ত নথি নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় সেগুলি বাজেয়াপ্ত করা হয়।
পুলিশ জানিয়েছে, ই-সাক্ষ্য অ্যাপের মাধ্যমে চারটি ট্রাক্টর এবং প্রায় ৪০০ সিএফটি বালি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গাড়িগুলির মালিক ও চালকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করার পাশাপাশি কোথা থেকে বালি সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, অবৈধভাবে বালি উত্তোলন ও পরিবহণের ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি সরকারি রাজস্বেরও ক্ষতি হতে পারে। সেই কারণে বালি কারবারে অনিয়ম রুখতে পুলিশের এই অভিযানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে বাজেয়াপ্ত বালির উৎস এবং সংশ্লিষ্ট কারবারের সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্পষ্ট নয়।
পুরুলিয়া জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, অবৈধ বালি উত্তোলন ও পরিবহণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।