পিউ নন্দী, পুরুলিয়া : অবৈধ বালি মজুতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয় হয়েছে পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে। কাশিপুর থানার পুলিশ এবং ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের (BL&LRO) আধিকারিকদের যৌথ অভিযানে উদ্ধার হল প্রায় ১১০০ ঘনফুট (CFT) অবৈধভাবে মজুত বালি। রবিবার কাশিপুর থানার অন্তর্গত গৌরাঙ্গডিহি গ্রাম পঞ্চায়েতের মাঝরামুড়া গ্রামে এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় অবৈধভাবে বালি মজুত রাখার বিরুদ্ধে পদক্ষেপ নিতেই কাশিপুর থানার পুলিশ ও BL&LRO দফতরের আধিকারিকরা যৌথভাবে অভিযান চালান। অভিযানে প্রায় ১১০০ CFT বালি বাজেয়াপ্ত করা হয়। কোথা থেকে এই বালি আনা হয়েছিল এবং মজুতের পিছনে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।
এই ঘটনায় প্রযোজ্য আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবে কাশিপুরের BL&LRO দফতর। অবৈধভাবে বালি উত্তোলন, পরিবহণ এবং মজুতের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
পুরুলিয়া জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, জেলার বিভিন্ন এলাকায় অবৈধ খনন, বালি ও অন্যান্য খনিজ পদার্থের বেআইনি পরিবহণ এবং মজুতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। প্রাকৃতিক সম্পদের অবৈধ কারবার রুখতে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনিক দফতরগুলির মধ্যে সমন্বয় রেখে নজরদারি চালানো হচ্ছে।