পিউ নন্দী, পুরুলিয়া: পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অপরিচ্ছন্নতা ও অব্যবস্থাপনার অভিযোগ ঘিরে বড় পদক্ষেপ স্বাস্থ্য দফতরের। হাসপাতালের পরিস্থিতি নিয়ে MSVP-সহ মোট ৮ জনকে শোকজ করা হয়েছে বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা স্বাস্থ্য মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগ, হাসপাতালে ৩৬৪ জন সাফাইকর্মী ও ওয়ার্ড বয় থাকার পরেও হাসপাতাল চত্বরের বিভিন্ন জায়গায় জমে ছিল আবর্জনা। নোংরা জল ও হাসপাতালের বর্জ্য ছড়িয়ে থাকার ছবিও সামনে আসে। রোগীদের চিকিৎসার পাশাপাশি তাঁদের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে।
দশমীর রাতে হাসপাতালের এমন পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। হাসপাতাল পরিদর্শনের পর তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং পরিস্থিতির দ্রুত উন্নতির দাবি জানান।
এরপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে স্বাস্থ্য দফতর। হাসপাতালের পরিচ্ছন্নতা ও পরিষেবা ব্যবস্থার হাল খতিয়ে দেখে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে জবাবদিহি চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, আগামী ছয় ঘণ্টার মধ্যে হাসপাতাল সাফাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে।
এদিকে, রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ভবনে বৈঠকেরও খবর সামনে এসেছে। তবে শোকজের কারণ, সংশ্লিষ্ট আটজনের পূর্ণ তালিকা এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সরকারি নির্দেশের বিস্তারিত কিছুই জানা যায়নি।