Sunday, November 1, 2026
জেলা

বন্দেমাতরমের আবহে দুলমিতে দর্শনার্থীদের ঢল,কলকাতার পুজোকে হার মানাবে

Published by Newz4 Admin |
পিউ নন্দী Posted by পিউ নন্দী
- October 19, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
বন্দেমাতরমের আবহে দুলমিতে দর্শনার্থীদের ঢল,কলকাতার পুজোকে হার মানাবে

পিউ নন্দী, পুরুলিয়া: পুজোর আনন্দে মেতে উঠেছে পুরুলিয়া শহর। মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়, আলোর ঝলকানি আর প্রতিমা দর্শনের উন্মাদনায় জমজমাট উৎসবের পরিবেশ। শহরের অন্যতম আকর্ষণ দুলমি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। ৮৮ বছরের ঐতিহ্যকে সঙ্গী করে এবার বন্দেমাতরমের ভাবনায় সাজানো হয়েছে মণ্ডপ। থিমের আকর্ষণে দর্শনার্থীদের উপস্থিতি ঘিরে খুশি পুজো উদ্যোক্তারা।

বন্দেমাতরমের সার্ধশতবর্ষ পূর্তিকে সামনে রেখে এবারের পুজোর থিম হিসেবে এই বিষয়টিকে বেছে নিয়েছে দুলমি সার্বজনীন দুর্গোৎসব কমিটি। দেশাত্মবোধের বার্তা তুলে ধরার পাশাপাশি পুজোর আবহে ইতিহাস ও ঐতিহ্যের ছোঁয়া দেওয়ার চেষ্টা করেছেন উদ্যোক্তারা। প্রতিমা দর্শনের পাশাপাশি মণ্ডপের বিশেষ ভাবনা দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। দর্শনার্থীদের উৎসাহে পুজো প্রাঙ্গণ হয়ে উঠেছে প্রাণবন্ত।

পুরুলিয়ার পুজো মানচিত্রে দুলমির পাশাপাশি আকর্ষণের কেন্দ্রে রয়েছে নডিহা বারোয়ারি দুর্গাপুজো এবং শতবর্ষে পদার্পণ করা উপর নডিহা ষোলোআনা কমিটির পুজো। একাধিক পুজোকে ঘিরে শহরে তৈরি হয়েছে উৎসবের প্রতিযোগিতামূলক আবহ। সেই পরিবেশে বন্দেমাতরমের থিম নিয়ে নিজেদের স্বতন্ত্র পরিচিতি তুলে ধরছে দুলমি সার্বজনীন দুর্গোৎসব কমিটি।

কমিটির সম্পাদক দীপু সরকার জানান, বন্দেমাতরমের সার্ধশতবর্ষ পূর্তির কথা মাথায় রেখেই এই থিম নির্বাচন করা হয়েছে। তাঁর কথায়, পুরুলিয়াতেও পুজো পরিক্রমার ধরন বদলাচ্ছে। আগে সাধারণত সপ্তমী থেকে মণ্ডপে মণ্ডপে ভিড় বাড়তে দেখা যেত। এখন তার অনেক আগেই দর্শনার্থীরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়ছেন। মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাঁদের উৎসাহিত করছে।

পুজোর আয়োজন সামলানোর পাশাপাশি আনন্দে মেতেছেন কমিটির মহিলা সদস্যরাও। দর্শনার্থীদের ভিড় এবং উৎসবের উচ্ছ্বাস তাঁদের পরিশ্রমকে আরও সার্থক করে তুলছে। সব মিলিয়ে দুলমির ৮৮তম বর্ষের পুজোয় ঐতিহ্য, দেশাত্মবোধ এবং মানুষের আবেগ একসূত্রে মিলেছে। পুরুলিয়ার পুজোয় যে ক্রমশ বাড়ছে মণ্ডপকেন্দ্রিক আকর্ষণ, দুলমির বন্দেমাতরম থিম সেই ছবিকেই আরও উজ্জ্বল করে তুলেছে।

— বিজ্ঞাপন —
Advertisement