Monday, November 2, 2026
জেলা

শিশুদের কী শিক্ষা দিলেন পুলিশ কর্তারা,যাতে ভবিষ্যতে কাজে লাগবে।

Published by Newz4 Admin |
সায়নী সরকার Posted by সায়নী সরকার
- October 06, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
শিশুদের কী শিক্ষা দিলেন পুলিশ কর্তারা,যাতে ভবিষ্যতে কাজে লাগবে।

সায়নী সরকার, পূর্ব বর্ধমান: শিশুরা আগামী দিনের দায়িত্বশীল নাগরিক। ছোটবেলা থেকেই তাদের মনে নিরাপদ পথচলার অভ্যাস গড়ে তুলতে এবং পরিবার ও সমাজের সর্বস্তরে পথ নিরাপত্তার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এক সচেতনতামূলক উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। মন্তেশ্বর থানার ব্যবস্থাপনায় কুসুমগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিংহালি প্রাথমিক বিদ্যালয়ে আজ এই বিশেষ পথ নিরাপত্তা সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি প্রাথমিক স্তরের কচিকাঁচারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। মন্তেশ্বর থানার পুলিশ আধিকারিকরা শিশুদের সঙ্গে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলাপচারিতা চালান এবং দৈনন্দিন জীবনে পথচলার নানা খুঁটিনাটি বিষয় তুলে ধরেন। রাস্তা পারাপারের সময় জেব্রা ক্রসিং ব্যবহার, ফুটপাথ ধরে হাঁটা এবং ট্রাফিক সিগন্যালের বিভিন্ন রঙের অর্থ সহজ-সরল ভাষায় বুঝিয়ে দেওয়া হয়।

এর পাশাপাশি মোটরবাইকে চড়ার সময় হেলমেট পরা ও চারচাকা গাড়িতে সিটবেল্ট ব্যবহারের গুরুত্বও শিশুদের সামনে তুলে ধরা হয়। অভিভাবকরা গাড়ি চালানোর সময় যাতে ফোনে কথা না বলেন বা ট্রাফিক আইন ভঙ্গ না করেন, সে বিষয়ে বড়দেরও সতর্ক করার আবেদন জানানো হয় কচিকাঁচাদের কাছে।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শৈশব থেকেই এমন শিক্ষা পেলে শিশুরা নিয়ম মেনে চলার গুরুত্ব বুঝতে শেখে, যা ভবিষ্যতে পথ দুর্ঘটনা কমাতে বড় ভূমিকা রাখবে। পুরো অনুষ্ঠানটি শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

 

— বিজ্ঞাপন —
Advertisement