Monday, November 2, 2026
জেলা

পাঞ্জাবে ৫ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, চার মাস পর সিলিগুড়ি থেকে গ্রেফতার অভিযুক্ত

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 07, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
পাঞ্জাবে ৫ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, চার মাস পর সিলিগুড়ি থেকে গ্রেফতার অভিযুক্ত

শিলিগুড়ি: পাঞ্জাবে পাঁচ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে চার মাস ধরে পলাতক থাকা এক অভিযুক্তকে সিলিগুড়ি থেকে গ্রেফতার করল পাঞ্জাব পুলিশ। প্রধাননগর থানার পুলিশের সহযোগিতায় বুধবার রেগুলেটেড মার্কেট এলাকা থেকে অভিযুক্তকে পাকড়াও করা হয়। ধৃতের নাম পিঙ্কু মণ্ডল (৪৫)। বিহারের বাসিন্দা পিঙ্কু পেশায় শ্রমিক। কাজের সূত্রে বিভিন্ন রাজ্যে যাতায়াত করত সে। বর্তমানে সিলিগুড়িতে রেগুলেটেড মার্কেট এলাকায় শ্রমিকের কাজ করছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঞ্জাবের সেলেমপুর গ্রামে নাবালিকার পরিবারের সঙ্গে মাঠে শ্রমিকের কাজ করত পিঙ্কু। অভিযোগ, এক দিন নাবালিকার বাবা-মা কাজে বাইরে চলে গেলে তাকে একা পেয়ে যৌন নির্যাতনের চেষ্টা করে অভিযুক্ত। পরে নাবালিকা বিষয়টি তার মাকে জানায়। এরপর পরিবারের তরফে পাঞ্জাব পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হতেই পিঙ্কু এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এরপর থেকেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পাঞ্জাব পুলিশ। তদন্তে পিঙ্কুর সিলিগুড়িতে থাকার খবর মেলে। এর পরেই সিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যোগাযোগ করেন পাঞ্জাব পুলিশের তদন্তকারীরা।

পাঞ্জাব পুলিশের একটি দল প্রধাননগর থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে বুধবার রেগুলেটেড মার্কেট এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই পিঙ্কুকে গ্রেফতার করা হয়। পরে তাকে সিলিগুড়ি আদালতে পেশ করে পাঞ্জাব নিয়ে যাওয়ার জন্য ট্রানজিট ডিমান্ডের আবেদন করা হয়।

মামলার গুরুত্ব বিবেচনা করে আদালত অভিযুক্তকে পাঞ্জাবে নিয়ে যাওয়ার জন্য পাঁচ দিনের ট্রানজিট ডিমান্ড মঞ্জুর করে। আদালতের নির্দেশের পর পিঙ্কুকে সঙ্গে নিয়ে পাঞ্জাবের উদ্দেশে রওনা হয়েছে পুলিশ। সেখানে নিয়ে গিয়ে তাকে সংশ্লিষ্ট মামলায় জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি প্রক্রিয়া চালানো হবে।

ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

— বিজ্ঞাপন —
Advertisement