Monday, November 2, 2026
জেলা

বন্ধ চা বাগানের শ্রমিকদের পুজোর উপহার, ৫ হাজার টাকা ও ৫০ কেজি চাল দেওয়ার ঘোষণা রাজ্যের

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 14, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
বন্ধ চা বাগানের শ্রমিকদের পুজোর উপহার, ৫ হাজার টাকা ও ৫০ কেজি চাল দেওয়ার ঘোষণা রাজ্যের

অনন্যা দে: আলিপুরদুয়ার:  দুর্গাপুজোর আগে বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্য বিশেষ উপহারের ঘোষণা করল রাজ্য সরকার। বন্ধ চা বাগানের প্রতিটি শ্রমিককে ৫ হাজার টাকা এবং ৫০ কেজি করে চাল দেওয়া হবে বলে বুধবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘোষণার পরই খুশির হাওয়া ছড়িয়ে পড়ে বন্ধ চা বাগানের শ্রমিক মহলে। আলিপুরদুয়ার জেলার বন্ধ কালচিনি চা বাগানের শ্রমিকদের একজোট হয়ে আনন্দে মেতে উঠতে দেখা যায়।

ইতিমধ্যেই বন্ধ চা বাগানের শ্রমিকদের অ্যাকাউন্টে ফাউলাই ভাতার টাকা ঢুকতে শুরু করেছে। তার উপর পুজোর আগে রাজ্য সরকারের এই নতুন ঘোষণায় খুশি শ্রমিক পরিবারগুলি। তাঁদের আশা, সরকারি আর্থিক সাহায্যে এবারের পুজোয় পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে পারবেন তাঁরা।

কালচিনি চা বাগানের শ্রমিক অঙ্কিতা লোহারের কথায়, “এই সরকার আমাদের কথা ভাবছে, তাতেই আমরা খুশি। এবার পুজোয় পরিবারের মুখে হাসি থাকবে।”

শ্রমিক নেতা উত্তম লামা বলেন, “চা বাগানের শ্রমিকদের সমস্যার কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরার জন্য কালচিনির ভূমিপুত্র তথা মন্ত্রী বিশাল লামাকে ধন্যবাদ জানাই। এবারের পুজো সকলেই আনন্দের সঙ্গে কাটাতে পারবেন।”

অন্যদিকে, রাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী বিশাল লামা বলেন, “বন্ধ চা বাগানের শ্রমিকদের দুঃখের দিন শেষ। খুব দ্রুত বাগানগুলি খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে।”

সরকারের এই ঘোষণায় পুজোর আগে নতুন করে আশার আলো দেখছেন বন্ধ চা বাগানের শ্রমিকরা। তবে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাগানগুলি কবে খুলবে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন শ্রমিক ও তাঁদের পরিবারগুলি।

 

— বিজ্ঞাপন —
Advertisement