Sunday, November 1, 2026
জেলা

অষ্টমীর দিন ঝংকার মোড়ে বাইক-স্কুটির সংঘর্ষ, মৃত দুই

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 19, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
অষ্টমীর দিন ঝংকার মোড়ে বাইক-স্কুটির সংঘর্ষ, মৃত দুই

দেবিকা দত্ত, শিলিগুড়ি: দুর্গাপুজোর উৎসবের আবহে অষ্টমীর সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা শিলিগুড়িতে। ঝংকার মোড়ের পুরনো ব্রিজে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই যুবকের। গুরুতর জখম আরও এক জন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সোমবার ভোরের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম অরিজিৎ প্রামাণিক এবং শঙ্কর সিং (১৭)। অরিজিৎ গয়েরকাটার বাসিন্দা। পুজো উপলক্ষে শিলিগুড়িতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। অন্য দিকে, শঙ্কর শিলিগুড়ি পুরনিগমের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দুর্ঘটনার সময় শঙ্করের সঙ্গে স্কুটিতে ছিলেন তাঁর এক বন্ধু। সংঘর্ষে তিনিও গুরুতর জখম হন।

স্থানীয় সূত্রে খবর, সোমবার ভোরে বাইক নিয়ে এয়ারভিউয়ের দিক থেকে ঝংকার মোড়ের দিকে যাচ্ছিলেন অরিজিৎ। সেই সময় উল্টো দিক থেকে স্কুটিতে করে ফিরছিলেন শঙ্কর ও তাঁর বন্ধু। ঝংকার মোড়ের পুরনো ব্রিজের উপরে আচমকাই দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে দু’টি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অরিজিৎ ও শঙ্করের।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খালপাড়া ফাঁড়ির পুলিশ। আহত যুবককে উদ্ধার করে মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্য দিকে, দুই মৃতের দেহ উদ্ধার করে প্রথমে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়। পরে ময়নাতদন্তের জন্য দেহ দু’টি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, অতিরিক্ত গতির জেরে কোনও একটি বা দু’টি গাড়ির নিয়ন্ত্রণ হারানোর কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঠিক কী কারণে সংঘর্ষ, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুজোর আনন্দের মধ্যেই অষ্টমীর সকালে এই দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুতে শোকস্তব্ধ তাঁদের পরিবার ও পরিচিতেরা। উৎসবের মরসুমে শহরের রাস্তায় যান চলাচল এবং নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে।

— বিজ্ঞাপন —
Advertisement