Saturday, October 31, 2026
আল্ট্রা লোকাল

দোকান থেকে দেড় লক্ষ টাকা চুরি, শিলিগুড়িতে দুই অভিযুক্ত গ্রেফতার

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 08, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
দোকান থেকে দেড় লক্ষ টাকা চুরি, শিলিগুড়িতে দুই অভিযুক্ত গ্রেফতার

শিলিগুড়ি: দোকান থেকে নগদ দেড় লক্ষ টাকা চুরি করে শিলিগুড়িতে এসে গা-ঢাকা দিয়েছিল দুই যুবক। চুরি করা টাকার একাংশ দিয়ে কিনেছিল বাইকও। শেষ পর্যন্ত জংশন এলাকা থেকে প্রধাননগর থানার পুলিশের সাহায্যে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করল কালিম্পং থানার পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি করা টাকার মধ্যে নগদ ৫০ হাজার টাকা এবং সেই টাকায় কেনা একটি বাইক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ অক্টোবর কালিম্পংয়ের একটি দোকানে চুরির ঘটনা ঘটে। দোকান থেকে নগদ দেড় লক্ষ টাকা উধাও হয়ে যায় বলে অভিযোগ। ঘটনার পর দোকান মালিক কালিম্পং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, চুরির ঘটনায় তিন জন জড়িত। তাঁদের মধ্যে দু’জন ঘটনার পর শিলিগুড়িতে এসে আত্মগোপন করেছে বলে পুলিশের কাছে খবর আসে। এরপর অভিযুক্তদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে শিলিগুড়ি পুলিশের সঙ্গে যোগাযোগ করে কালিম্পং পুলিশ।

গত রাতে প্রধাননগর থানার পুলিশের সাহায্যে জংশন এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেই আমন বরদেওয়া (২৮) এবং লোপশাং তামাং (২৪)-কে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, দু’জনেই কালিম্পংয়ের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, দোকান থেকে টাকা চুরির পর ওই টাকা দিয়েই একটি বাইক কেনে দুই অভিযুক্ত। পরে বাইক নিয়ে শিলিগুড়িতে এসে আত্মগোপন করেছিল তারা। অভিযুক্তদের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা এবং চুরি করা টাকা দিয়ে কেনা বাইকটি উদ্ধার করা হয়েছে।

রাতেই দুই অভিযুক্তকে শিলিগুড়ি থেকে কালিম্পং নিয়ে যায় পুলিশ। বৃহস্পতিবার তাঁদের আদালতে পেশ করা হয়েছে। চুরির ঘটনায় জড়িত বাকি অভিযুক্তের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

— বিজ্ঞাপন —
Advertisement