Monday, November 2, 2026
জেলা

পরিবহণ নগরে এসওজি ও পুলিশের যৌথ অভিযান, উদ্ধার ২৮৫ গ্রাম ব্রাউন সুগার

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 16, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
পরিবহণ নগরে এসওজি ও পুলিশের যৌথ অভিযান, উদ্ধার ২৮৫ গ্রাম ব্রাউন সুগার

শিলিগুড়ি: পুজোর মরশুমে মাদক পাচারের পরিকল্পনা বানচাল করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)। মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশের সঙ্গে যৌথ অভিযানে পরিবহণ নগর থেকে ২৮৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে পাচারের কাজে ব্যবহৃত একটি বাইকও। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য লক্ষাধিক টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবহণ নগরের বাসস্ট্যান্ডের ভিতরে একটি নির্জন জায়গায় মাদক হস্তান্তরের পরিকল্পনা করা হয়েছিল। গোপন সূত্রে সেই খবর পেয়ে অভিযান চালান এসওজি এবং মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশের কর্মীরা। সন্দেহজনক অবস্থায় তিন জনকে দাঁড়িয়ে থাকতে দেখে তাঁদের তল্লাশি চালানো হয়। সেই সময়েই উদ্ধার হয় ২৮৫ গ্রাম ব্রাউন সুগার।

ধৃতদের মধ্যে এমডি মনসুর (১৯) ইসলামপুর থেকে মাদকের চালান নিয়ে এসেছিল বলে অভিযোগ। অন্য দুই ধৃত, এনজেপি এলাকার বাসিন্দা ঝুলন প্রসাদ (২২) এবং সুদেব রায় (২৬), একটি বাইকে করে ওই চালান নিতে পরিবহণ নগরে পৌঁছেছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

পুলিশের দাবি, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে দ্রুত অভিযান চালানোয় মাদক হস্তান্তরের পরিকল্পনা ভেস্তে দেওয়া সম্ভব হয়েছে। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

শুক্রবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করার কথা। এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, কোথা থেকে মাদক আনা হয়েছিল এবং কোথায় তা সরবরাহের পরিকল্পনা ছিল, তা জানতে ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার তদন্ত চলছে।

— বিজ্ঞাপন —
Advertisement