নিউজ ফোর বর্ধমান:চোরবাগানের পুজোয় দুর্ঘটনা এবং সিপির বরখাস্তের দাবি নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মাঝে মুখ খুললেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। কুণাল ঘোষকে কটাক্ষ করে তিনি বলেন, "যাঁরা লাশের রাজনীতি করতে ভালোবাসেন, মানুষের কাছে তাঁদের পরিচয় শকুনের মতোই।"
পূর্ব বর্ধমানে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গবাসী তৃণমূলকে আগেই প্রত্যাখ্যান করেছে, এখন তৃণমূলের নেতারা অন্যদের বরখাস্তের দাবি তুলছেন। দুর্ঘটনার প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, "মুখ্যমন্ত্রী বিষয়টি স্পষ্ট করেছেন যে তদন্ত চলছে এবং দোষী প্রমাণিত হলে কাউকে রেয়াত করা হবে না। কিন্তু পুজোকে কেন্দ্র করে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে, যেখানে বৃষ্টি আসার পর উল্টো দিক দিয়ে মানুষ ঢুকতে গিয়ে নিজেদের বাঁচাতে হুড়োহুড়িতে প্রায় ১৯ জনের প্রাণহানি হলো, সেই ঘটনা অত্যন্ত মর্মান্তিক।" তৃণমূল নেতা কুণাল ঘোষকে আক্রমণ করে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “মৃতদেহ খুঁজে রাজনীতি করার যে প্রবণতা কিছু মানুষের রয়েছে যাদের মানুষ শকুন বলে, তাঁদের উচিত এই ধরনের রাজনীতি থেকে দূরে থাকা।”
পুজো উদ্যোক্তা ও ঘোষণার দায়িত্বে থাকা বাপু চৌধুরীর গ্রেফতারি এবং পুলিশের ভূমিকা প্রসঙ্গে করা প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন। পুলিশ কমিশনার বা থানার আধিকারিকদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রমাণিত হলে প্রশাসন যথাযথ আইনানুগ ব্যবস্থা নেবে।
এছাড়াও, কলকাতার তৃণমূল কাউন্সিলরদের বিজেপির সঙ্গে যোগাযোগ এবং আসন্ন পুরভোট প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান যে অন্য দল থেকে লোক নেওয়ার বিষয়ে তাঁরা আগ্রহী নন। মানুষের আশীর্বাদ নিয়েই বিজেপি নিজেদের বোর্ড গঠন করবে এবং নির্বাচন কমিশন ও সরকারের সময়মতো সিদ্ধান্তের মাধ্যমেই প্রতিটি পুরসভার নির্বাচন সম্পন্ন হবে।