দেবিকা দত্ত, শিলিগুড়ি: চুরির অভিযোগ পাওয়ার চার ঘণ্টার মধ্যেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করল খালপাড়া ফাঁড়ির পুলিশ। নগদ ৬ হাজার টাকা, দু’টি দামি হাতঘড়ি-সহ একাধিক সামগ্রী উদ্ধার হলেও অভিযুক্তের নাগাল পাননি তদন্তকারীরা। পুলিশ পৌঁছনোর আগেই সে পালিয়ে যায় বলে অভিযোগ। তার খোঁজে তল্লাশি চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৪ অক্টোবর ভোররাতে শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডে মডার্ন বয়েজ ক্লাবের কাছে একটি দোতলা বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিকের অভিযোগ, বাড়ির একটি খোলা জানালা দিয়ে ভিতরে ঢুকে নগদ টাকা, দু’টি দামি হাতঘড়ি-সহ বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দেয় চোর। পরে খালপাড়া ফাঁড়িতে মৌখিক অভিযোগ জানান তিনি।
অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। ফুটেজের সূত্র ধরে চুরির ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়। এর পরেই তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে চুরি যাওয়া নগদ ৬ হাজার টাকা, দু’টি দামি হাতঘড়ি-সহ অন্যান্য সামগ্রী উদ্ধার হয়।
তবে পুলিশের অভিযানের আগেই অভিযুক্ত পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি। তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে খালপাড়া ফাঁড়ির পুলিশ।
শুক্রবার উদ্ধার হওয়া সামগ্রী বাড়ির মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়। খালপাড়া ফাঁড়িতে ডেকে তাঁর হাতে চুরি যাওয়া জিনিসপত্র তুলে দেন পুলিশকর্মীরা। হারানো সামগ্রী ফিরে পেয়ে পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন বাড়ির মালিক। চুরির অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সামগ্রী উদ্ধার হওয়ায় পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।