Saturday, October 31, 2026
আল্ট্রা লোকাল

নেশার টাকা না পেয়ে ছোট ভাইয়ের হাত-পা বেঁধে মাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, ছেলের বিরুদ্ধে

Published by Newz4 Admin |
Devika Datta Posted by Devika Datta
- October 02, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
নেশার টাকা না পেয়ে ছোট ভাইয়ের হাত-পা বেঁধে মাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, ছেলের বিরুদ্ধে

শিলিগুড়ি: নেশার টাকা চাওয়া নিয়ে মায়ের সঙ্গে বিবাদ। তার জেরেই মাকে গলা টিপে খুনের অভিযোগ উঠল ১৮ বছরের ছেলের বিরুদ্ধে। অভিযোগ, মাকে হত্যার আগে ছোট ভাইয়ের হাত-পা বেঁধে রেখেছিল সে। শুক্রবার সকালে মাটিগাড়া থানার ঝাউগিরি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতার নাম সীতা ভুইয়াঁ (৪৫)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরে করণ ভুইয়াঁ। অভিযোগ, বাড়িতে ফিরে নেশার জন্য মায়ের কাছে টাকা চায় সে। টাকা দেওয়া নিয়ে মা ও ছেলের মধ্যে বচসা শুরু হয়। ক্রমে তা চরম আকার নেয়। অভিযোগ, এর পরেই ছোট ভাইয়ের হাত-পা বেঁধে দিয়ে মায়ের গলা টিপে ধরে করণ। শ্বাসরোধের জেরেই সীতার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে অভিযোগ।

পরে কোনও ভাবে সেখান থেকে বেরিয়ে প্রতিবেশীদের বিষয়টি জানায় ছোট ভাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাটিগাড়া থানার পুলিশ। শুক্রবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

স্থানীয়দের দাবি, করণ নেশায় আসক্ত ছিল। নেশার টাকা চাওয়া নিয়ে মায়ের সঙ্গে প্রায়ই তার বিবাদ হত বলে অভিযোগ। তবে ঠিক কী কারণে এই ঘটনা, তার পিছনে অন্য কোনও বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ মৃতার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় অন্য কারও যোগ রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখছে পুলিশ।

— বিজ্ঞাপন —
Advertisement