Saturday, October 31, 2026
কলকাতা

হুমায়ুন কবীর কে হেলমেট পড়ার পরামর্শ দিলেন বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 06, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
হুমায়ুন কবীর কে হেলমেট পড়ার পরামর্শ দিলেন বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য

 দেবিকা দত্ত:শিলিগুড়ি: হুমায়ুন কবীরের বিতর্কিত মন্তব্য থেকে শুরু করে কংগ্রেস এবং ইন্ডি জোট—একাধিক ইস্যুতে মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে তীব্র কটাক্ষ করতে দেখা গেল। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীরের বিরুদ্ধে বিভাজনের রাজনীতি এবং দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগ তোলেন তিনি।

হুমায়ুন কবীরের সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে শমীক বলেন, ‘‘বিভাজনের রাজনীতি এবং দাঙ্গা তৈরি করার চেষ্টা হচ্ছে। মানুষ তা চায় না।’’ পুলিশকে মারধরের জন্য সাধারণ মানুষকে মুগুর নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, সেই প্রসঙ্গে আরও আক্রমণাত্মক সুরে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘‘ওকে এখনই হেলমেট পরিয়ে দেওয়া উচিত। কারণ জেল থেকে বেরোলে মানুষ ওর মাথায় বাড়ি মারবে।’’

একই সঙ্গে কংগ্রেস এবং তথাকথিত ইন্ডি জোটের অস্তিত্ব নিয়েও প্রশ্ন তোলেন শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, ‘‘ইন্ডি জোট বলে কিছু নেই। তার অস্তিত্বই ছিল না।’’ তাঁর বক্তব্য, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর সঙ্গে সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধীর অস্তিত্বকে কার্যত অস্বীকার করে মল্লিকার্জুন খাড়্গের নাম ঘোষণা করেছেন। মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েই তাঁরা এই ধরনের মন্তব্য করছেন বলেও কটাক্ষ করেন তিনি।

তবে গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলির আন্দোলনের অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর কথায়, ‘‘গণতান্ত্রিক দেশ। তাঁরা তাঁদের মতো আন্দোলন করবেন।’’

এদিন সিপিআইএমের কৃষকসভার কর্মসূচি নিয়েও সরব হন শমীক। তাঁর প্রশ্ন, ‘‘গত ১৫ বছরে কোথায় ছিল তাঁদের কৃষকসভা? যখন কৃষকদের কাছ থেকে তৃণমূল পাট্টা কেড়ে নিচ্ছিল, তখন তাঁরা কোথায় ছিলেন?’’ বামেদের জনভিত্তি নিয়েও কটাক্ষ করে তিনি বলেন, মানুষ বামেদের প্রত্যাখ্যান করেছে। আগামী দিনে রাজনীতির ময়দান থেকে তাঁদের নাম মুছে যাবে বলেও দাবি করেন তিনি।

বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর সড়কপথে জলপাইগুড়ির উদ্দেশে রওনা দেন বিজেপির রাজ্য সভাপতি।

— বিজ্ঞাপন —
Advertisement