পিউ নন্দী, পুরুলিয়া: দুর্গাপুজোয় দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যানজটমুক্ত পরিবেশ বজায় রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ। বিশেষ নজর দেওয়া হচ্ছে পুরুলিয়া শহরের পুজো মণ্ডপ সংলগ্ন এলাকা, গুরুত্বপূর্ণ রাস্তা এবং জনবহুল বাজারগুলিতে। যান নিয়ন্ত্রণ, ভিড় সামলানো ও জরুরি পরিষেবা সচল রাখতে একাধিক পদক্ষেপ করা হয়েছে পুলিশের তরফে।
পুলিশের নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৬ থেকে ২১ অক্টোবর প্রতিদিন বিকেল ৩টে থেকে পরদিন রাত ৩টে পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় যান চলাচলে বিধিনিষেধ কার্যকর থাকবে। শহরে ২২টি গুরুত্বপূর্ণ প্রবেশপথে বিধিনিষেধ ও রুট পরিবর্তনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ রাস্তায় চিহ্নিত করা হয়েছে ২০টি ডাইভারশন পয়েন্ট। যান চলাচল নিয়ন্ত্রণে ১৩টি গুরুত্বপূর্ণ স্থানে মোট ১৬টি ড্রপ গেট বসানো হবে।
দর্শনার্থীদের সুবিধার জন্য দু’চাকা ও চারচাকার গাড়ির পার্কিংয়ে আটটি নির্দিষ্ট স্থান চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে মানভূম ভিক্টোরিয়া স্কুলের মাঠ, এমএসএ ময়দান, সাহেব বাঁধ উত্তরপাড়, রেলস্টেশন ও দুলমি ডাউন এলাকা। রেলযাত্রীদের জন্যও বিকল্প রাস্তার ব্যবস্থা রাখা হয়েছে। ভারী পণ্যবাহী গাড়ি নিয়ন্ত্রণের পাশাপাশি নির্দিষ্ট রুটে বাস চলাচলের ব্যবস্থা করা হবে।
নিরাপত্তায় অতিরিক্ত পুলিশকর্মী, ট্রাফিক কর্মী, হোমগার্ড ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হবে। থাকবে বিশেষ মোটরসাইকেল টহলদারি দল এবং জনসাধারণের সাহায্যে ঘোষণা কেন্দ্র। শিশুদের পরিচয়পত্রে অভিভাবকদের যোগাযোগের নম্বর রাখার উদ্যোগও নেওয়া হয়েছে।
পাশাপাশি মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, বেপরোয়া গতি ও বিপজ্জনক চালনার বিরুদ্ধে চলবে কড়া নজরদারি। পুজোকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে ট্রাফিক নির্দেশিকা মেনে চলা, নির্দিষ্ট পার্কিং ব্যবহার এবং পুলিশকে সহযোগিতা করার আবেদন জানিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ।