পিউ নন্দী: পুরুলিয়া: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির পাশাপাশি এবার পুরুলিয়া শহরেও পথে নামল কংগ্রেস। বুধবার পুরুলিয়া জেলা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শহরে আয়োজন করা হয় বিশাল মিছিল। দলের নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে মিছিল শহরের রাঘবপুর এলাকা পরিক্রমা করে।
নির্বাচন কমিশনের ভূমিকা এবং মুখ্য নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দেশের বিভিন্ন প্রান্তে বিরোধীদের প্রতিবাদ কর্মসূচি চলছে। সেই প্রতিবাদেরই অংশ হিসেবে পুরুলিয়াতেও এই কর্মসূচির আয়োজন বলে কংগ্রেসের দাবি। মিছিল থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক স্লোগান দেওয়ার পাশাপাশি জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তোলা হয়।
কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে কোনও প্রশ্ন ওঠা গণতন্ত্রের পক্ষে উদ্বেগের বিষয়। তাই কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ প্রয়োজন বলে দাবি করেন তাঁরা।
এদিনের কর্মসূচিকে ঘিরে পুরুলিয়া শহরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায়। মিছিলকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য পুলিশি নজরদারিও ছিল। দিল্লির আন্দোলনের পাশাপাশি জেলা শহরেও কংগ্রেসের এই প্রতিবাদ কর্মসূচি রাজনৈতিক মহলে নতুন করে চর্চা তৈরি করেছে।