Monday, November 2, 2026
জেলা

মাটিগাড়া পরিবহণ নগরে নতুন বাস টার্মিনাস, শিলান্যাস করলেন শঙ্কর ঘোষ ও আনন্দময় বর্মণ

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 08, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
মাটিগাড়া পরিবহণ নগরে নতুন বাস টার্মিনাস, শিলান্যাস করলেন শঙ্কর ঘোষ ও আনন্দময় বর্মণ

দেবিকা দত্ত:শিলিগুড়ি: শহরের পরিবহণ ব্যবস্থাকে আরও সুসংগঠিত করতে মাটিগাড়ার পরিবহণ নগরে নতুন বাস টার্মিনাস নির্মাণের উদ্যোগ নেওয়া হল। বৃহস্পতিবার এই প্রকল্পের শিলান্যাস করেন রাজ্যের পর্যটন ও পরিষদীয় মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং প্রতিমন্ত্রী আনন্দময় বর্মণ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পরিবহণ নগরের প্রায় ৩০ শতাংশ জমি জুড়ে তৈরি হবে নতুন এই বাস টার্মিনাস। শহরের বিভিন্ন প্রান্তে বর্তমানে বাস চলাচলের কারণে যে অতিরিক্ত চাপ তৈরি হয়, নতুন টার্মিনাস চালু হলে তা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে যানজট নিয়ন্ত্রণেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন প্রশাসনের আধিকারিকেরা।

শিলান্যাসের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শঙ্কর ঘোষ এবং প্রতিমন্ত্রী আনন্দময় বর্মণ জানান, মাটিগাড়ায় নতুন বাস টার্মিনাস তৈরি হলেও জংশনে বর্তমানে যে বাসস্ট্যান্ড রয়েছে, তা আপাতত চালু থাকবে। নতুন টার্মিনাসটি সম্পূর্ণভাবে নির্মাণ হয়ে চালু না হওয়া পর্যন্ত জংশনের বাসস্ট্যান্ড নিয়ে কোনও পরিবর্তন করা হচ্ছে না।

তাঁদের বক্তব্য, মাটিগাড়া পরিবহণ নগরের নতুন বাস টার্মিনাস পুরোপুরি চালু হওয়ার পর জংশনের বাসস্ট্যান্ডের ভবিষ্যৎ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে আপাতত জংশন থেকে বাস পরিষেবা স্বাভাবিকভাবেই চলবে।

পাশাপাশি নৌকাঘাটে থাকা ছোট বাসস্ট্যান্ডটিকেও আরও কার্যকরভাবে ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী ও প্রতিমন্ত্রী। সেখানে যাতে আরও বেশি বাস পরিষেবা পরিচালনা করা যায় এবং পরিবহণ ব্যবস্থার উপর চাপ ভাগ করে দেওয়া সম্ভব হয়, সেই বিষয়টিও পরিকল্পনার মধ্যে রয়েছে।

নতুন বাস টার্মিনাস চালু হলে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে বাসের চাপ কমানোর পাশাপাশি যাত্রী পরিষেবা আরও সুসংগঠিত হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে জংশন ও অন্যান্য ব্যস্ত এলাকায় যানজট কমাতেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে প্রশাসনের আশা।

— বিজ্ঞাপন —
Advertisement