Saturday, October 31, 2026
আল্ট্রা লোকাল

এ কি সর্বনাশ কাণ্ড! মায়ের গা থেকেই গয়না উধাও

Published by Newz4 Admin |
Piu Nandi Posted by Piu Nandi
- October 02, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
এ কি সর্বনাশ কাণ্ড! মায়ের গা থেকেই গয়না উধাও

পিউ নন্দী:পুরুলিয়া: ভোরের আলো ফোটার আগেই মন্দিরের দরজার তালা কেটে ভিতরে ঢুকে জাগ্রত দেবী মা বড়কালীর গায়ের গয়না চুরি করে পালাল দুষ্কৃতীরা। শুক্রবার সকালে পুরুলিয়ার রঘুনাথপুর ২ নম্বর ব্লকের মৌতড়ের বিখ্যাত বড়কালী মন্দিরে এই চুরির ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়তেই মন্দির চত্বরে ভিড় জমান এলাকার বাসিন্দারা। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নিয়মমাফিক মাকে স্নান করানোর জন্য সেবাইতরা মন্দিরে পৌঁছন। সেখানে গিয়ে তাঁরা দেখতে পান, মন্দিরের গেটের তালা কাটা অবস্থায় রয়েছে। ভিতরে ঢুকতেই নজরে আসে, মা বড়কালীর মূর্তিতে থাকা গয়নাগুলি নেই। এরপরই বিষয়টি জানানো হয় পুলিশকে।

 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথপুর থানার পুলিশ। ঘটনাস্থলে যান রঘুনাথপুরের SDPO রোহেদ শেখ, রঘুনাথপুর থানার IC অতনু সাঁতরা-সহ পুলিশের আধিকারিকরা। মন্দিরের ভিতর ও আশপাশের এলাকা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে, বহুদিনের ঐতিহ্যবাহী এই মন্দিরে চুরির ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। কীভাবে মন্দিরের নিরাপত্তা ভেঙে দুষ্কৃতীরা ভিতরে ঢুকল, সেই প্রশ্নও উঠছে। দ্রুত চুরির কিনারা করে অভিযুক্তদের গ্রেফতার এবং চুরি যাওয়া গয়না উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। মন্দিরের আশপাশের পরিস্থিতি এবং সম্ভাব্য সূত্রগুলি খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

— বিজ্ঞাপন —
Advertisement