মহম্মাদ শাহজাহান আনসারী, বাঁকুড়া: বাঁকুড়া: অর্থের অভাবে বেশ কয়েকদিন ধরে বন্ধ বাঁকুড়া ২ নম্বর ব্লকের বাঁকি সেন্দড়া উচ্চ বিদ্যালয়ের মিড-ডে মিল পরিষেবা। প্রতিদিন এই স্কুলে শতাধিক পড়ুয়া মিড-ডে মিলের খাবার খায়। কিন্তু রাঁধুনিদের ভাতা এবং স্থানীয় ব্যবসায়ীদের বকেয়া টাকা মেটানো না হওয়ায় খাবার সামগ্রী সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ। ফলে রান্নার প্রয়োজনীয় উপকরণ না থাকায় কার্যত বন্ধ হয়ে পড়েছে মিড-ডে মিল।
স্কুল সূত্রে দাবি, বিভিন্ন যে ব্যবসায়ী এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মিলিয়ে প্রায় দেড় লক্ষ টাকা বকেয়া রয়েছে। পাশাপাশি এপ্রিল মাস থেকে রাঁধুনিদের ভাতাও বকেয়া বলে অভিযোগ। বিষয়টি একাধিকবার ব্লক ও জেলা প্রশাসনকে জানানো হলেও এখনও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে দাবি স্কুল কর্তৃপক্ষের।
জানা গিয়েছে, স্কুলে সবজি, মশলা-সহ বিভিন্ন খাদ্যসামগ্রী স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া হত। দীর্ঘদিন ধরে টাকা না পাওয়ায় ব্যবসায়ীরা আর ধারে সামগ্রী দিতে চাইছেন না। ফলে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী না থাকায় মিড-ডে মিল রান্না বন্ধ রাখতে বাধ্য হয়েছে স্কুল কর্তৃপক্ষ।
এদিকে, স্কুলের প্রধান শিক্ষক সাধন চন্দ্র পাল বেশ কিছুদিন ধরে স্কুলে অনুপস্থিত। তিনি ছুটিতে রয়েছেন বলে জানিয়েছেন।