Saturday, October 31, 2026
আল্ট্রা লোকাল

জিম থেকে ৪০ কেজির ওজনের প্লেট চুরি, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার যুবক

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 13, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
জিম থেকে ৪০ কেজির ওজনের প্লেট চুরি, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার যুবক

দেবিকা দত্ত:শিলিগুড়ি: জিম থেকে ওজন তোলার সরঞ্জাম চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতের নাম হারাধন কর্মকার (৩৫)। তিনি পতি কলোনির রোড নম্বর ২-এর বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, চুরি যাওয়া দুটি ওজনের প্লেটই উদ্ধার করা হয়েছে। প্রতিটি প্লেটের ওজন ২০ কেজি, অর্থাৎ মোট ৪০ কেজির সরঞ্জাম চুরি হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগমের ৪৭ নম্বর ওয়ার্ডের পতি কলোনিতে একটি জিম রয়েছে রতন সাহার। গত ৭ ও ৮ অক্টোবরের মধ্যবর্তী রাতে ওই জিম থেকে দুটি ওজনের প্লেট চুরি যায় বলে অভিযোগ। বিষয়টি জানার পর গত ১১ অক্টোবর প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রতন সাহা।

অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে প্রধাননগর থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে বিভিন্ন সূত্র খতিয়ে দেখা শুরু করেন তদন্তকারীরা। এরই মধ্যে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হারাধন কর্মকারকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকেই চুরি যাওয়া দুটি ওজনের প্লেট উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশের দাবি, অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ঘটনার কিনারা করে অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। জিমের মতো জায়গা থেকে ভারী সরঞ্জাম চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তবে চুরির পিছনে অন্য কারও ভূমিকা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ধৃতের বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার তাঁকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। উদ্ধার হওয়া সরঞ্জাম কী ভাবে চুরি করা হয়েছিল এবং এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত চালাচ্ছে প্রধাননগর থানার পুলিশ।

— বিজ্ঞাপন —
Advertisement