দেবিকা দত্ত,শিলিগুড়ি: আগামী ২০ বছর কেন্দ্রের পাশাপাশি পশ্চিমবঙ্গেও সরকার বদলের কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার শিলিগুড়িতে এসে এমনই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। মল্লাগুড়িতে দলের জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তৃণমূল এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একাধিক মন্তব্য করেন। নিশানা করেন বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটকেও।
মোদীকে সরানো সম্ভব নয় বলে দাবি করে শমীক বলেন, ‘‘দেশের রাজনীতিতে এমন কোনও ব্যক্তি বা শক্তি নেই, যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাতে পারে। তিনি নিজের ইচ্ছায় রাজনীতি থেকে অবসর নিতে পারেন। কিন্তু তাঁকে সরিয়ে দেওয়া কারও পক্ষে সম্ভব নয়।’’ তাঁর দাবি, আগামী দু’দশক কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ— দুই জায়গাতেই বিজেপির সরকার থাকবে।
মমতাকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য, মুখ্যমন্ত্রী না থাকার বিষয়টি এখনও মেনে নিতে পারেননি তিনি। শমীকের কথায়, ‘‘ওঁর এখন বিশ্রামের প্রয়োজন। কিছু দিনের জন্য রাজ্যের বাইরে, পাহাড়ে গিয়ে বিশ্রাম নেওয়া উচিত।’’
রাজ্যে তৃণমূলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও আক্রমণাত্মক ছিলেন শমীক। তাঁর দাবি, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কার্যত শেষ হয়ে গিয়েছে। আগামী দিনে রাজ্যে বিজেপির সংগঠন আরও শক্তিশালী হবে বলেও দাবি করেন তিনি।
বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট নিয়েও কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। দিল্লি, বিহার এবং উত্তরপ্রদেশের নির্বাচনে বিরোধীদের জোটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জোট তৈরি করলেই রাজনৈতিক সমীকরণ বদলে যায় না। শেষ পর্যন্ত নির্বাচনে মানুষই রায় দেন। সেই নির্বাচনের ফল কী হয়েছে, তা সকলের জানা বলেও মন্তব্য করেন তিনি।