মহম্মদ শাহজাহান আনসারী: বাঁকুড়া : হাড়হিম করা ঘটনা! স্ত্রীকে বলি দিয়ে মুন্ডু ছেদ করে বাড়ির ঠাকুর থানে মুন্ডু রেখে বাবাকে কুপিয়ে হ*ত্যা! কাটারি হাতে গ্রামে দাপিয়ে বেড়াল যুবক, পুলিশের দীর্ঘ প্রচেষ্টার পর গ্রেফতার ।
বাড়ির ঠাকুর থানে নিয়মিত চলত পুজো-অর্চনা, সেখানেই স্ত্রীকে বলি দিয়ে তার মুন্ডু রেখে খু*নের অভিযোগ! এরপর নিজের বাবাকেও কাটারি করে কুপিয়ে হত্যার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শুধু তাই নয়, কাটারি হাতে গোটা গ্রামে দাপিয়ে বেড়ানোর ঘটনায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। সোমবার রাতে বাঁকুড়া জেলার সোনামুখী থানার দামোদর নদের চরে অবস্থিত লাল বাবা মানাচর এলাকায় এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মঙ্গল চৌধুরী প্রথমে নিজের আঙুল কাটেন। এরপর বাড়ির মধ্যে তার স্ত্রীকে বলি দেন স্ত্রীর মুন্ডু নিয়ে মন্দিরে ত্রিশূলের সামনে রাখেন। স্ত্রীর নাম রুম্পা চৌধুরী (৩৯)। পরে নিজের বাবা রাজেন্দ্র চৌধুরীকে (৬০-এর ঊর্ধ্বে) হ*ত্যা করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপর হাতে কাটারি নিয়ে গ্রামে ঘুরে বেড়াতে থাকেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ। অভিযুক্তকে নিয়ন্ত্রণে আনতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ মৃতদেহ দুটিও নিজেদের হেফাজতে নিয়েছে।
জানা যায়, অভিযুক্ত ও তাঁর স্ত্রী নিয়মিত বাড়ির মন্দিরে পুজো-অর্চনা করতেন। তাঁদের বাড়িতে এক তান্ত্রিকের যাতায়াত ছিল বলেও দাবি স্থানীয়দের। এই ঘটনার নেপথ্যে অন্ধবিশ্বাসের কোনও যোগ রয়েছে কি না, তা নিয়ে এলাকায় জল্পনা ছড়িয়েছে। তবে হ*ত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।
একই পরিবারের দু’জনের মৃত্যুর ঘটনায় শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকায়। কেন এমন ঘটনা ঘটল, তার উত্তর খুঁজছে পুলিশ। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।