শিলিগুড়ি:- শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার অন্তর্গত শিশোডাঙ্গি এলাকায় একটি ফাঁকা বাড়িকে নিশানা করে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দুষ্কৃতীরা ছাদের পথ দিয়ে বাড়িতে ঢুকে প্রথমে বাড়ির প্রধান লোহার দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর দুটি আলমারির লকার ভেঙে সোনা-রুপোর গয়না এবং লক্ষাধিক টাকা নগদ নিয়ে পালিয়ে যায়। দিনের বেলায় এই চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
জানা গিয়েছে, শিশোডাঙ্গি এলাকার একটি বাড়িতে আকাশ শর্মা তাঁর মা কিরণ শর্মার সঙ্গে থাকেন। আকাশ একটি ছোট মুদির দোকান চালান। তাঁর মা একটি বেসরকারি অফিসে কাজ করেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে আকাশ তাঁর দোকানে চলে যান। এরপর প্রায় সকাল ১০টা নাগাদ তাঁর মা-ও বাড়িতে তালা দিয়ে কাজে বেরিয়ে যান। ফলে প্রায় তিন থেকে চার ঘণ্টা বাড়িটি সম্পূর্ণ ফাঁকা ছিল।
অভিযোগ, এই সুযোগেই দুষ্কৃতীরা বাড়িটিকে নিশানা করে। ছাদের পথ দিয়ে সিঁড়ি ব্যবহার করে তারা বাড়ির ভিতরে প্রবেশ করে। এরপর বাড়ির প্রধান লোহার দরজা ভেঙে ভিতরে ঢুকে দুটি আলমারির লকার ভেঙে সোনা-রুপোর গয়না এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
চুরির ঘটনা প্রকাশ্যে আসে প্রায় সাড়ে তিনটে নাগাদ। কাজ শেষ করে আকাশ শর্মা বাড়িতে ফিরে এসে দেখেন, বাড়ির প্রধান দরজা ভিতর থেকে বন্ধ রয়েছে। সন্দেহ হওয়ায় তিনি প্রতিবেশীর বাড়ির ছাদ দিয়ে নিজের বাড়ির ছাদে পৌঁছন এবং সেখান থেকে বাড়িতে প্রবেশ করেন। ভিতরে ঢুকে তিনি দেখেন, লোহার দরজা ভাঙা অবস্থায় রয়েছে। ঘরের ভিতরে থাকা আলমারিগুলির লকারও ভাঙা এবং বিভিন্ন সামগ্রী মেঝেতে ছড়িয়ে রয়েছে। আলমারিতে রাখা সোনা-রুপোর গয়না এবং নগদ টাকা উধাও।
আকাশ শর্মা জানান, বাড়িতে তিনি এবং তাঁর মা ছাড়া আর কেউ থাকেন না। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়েই দুষ্কৃতীরা ছাদের পথ দিয়ে ভিতরে ঢুকে চুরি করেছে বলে তাঁর অভিযোগ। তাঁর দাবি, সোনা-রুপোর গয়না এবং নগদ টাকা মিলিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়েছে।
অন্যদিকে, আকাশের মা কিরণ শর্মা জানান, প্রায় এক মাস পর তাঁর ছেলের বিয়ে হওয়ার কথা রয়েছে। বিয়ের জন্য তিনি সোনা-রুপোর গয়না তৈরি করিয়ে বাড়িতে রেখেছিলেন। বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো তিনি কাজে চলে যান। পরে তাঁর ছেলে ফোন করে বাড়িতে চুরির ঘটনা জানায়। কিরণ শর্মার দাবি, চোরেরা বাড়ি থেকে সোনা-রুপোর গয়না ও নগদ টাকা-সহ লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে পালিয়েছে।
ঘটনার খবর পেয়ে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। পুলিশ আশপাশের এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। পাশাপাশি দুষ্কৃতীদের শনাক্ত করার পাশাপাশি তারা কোন পথে এসেছিল এবং কোন পথে পালিয়েছে, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, শিশোডাঙ্গি এলাকায় ফাঁকা বাড়িকে নিশানা করে এর আগেও চুরির ঘটনা ঘটেছে। দিনের বেলায় এই চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে চোরেদের নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশের তরফে দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করার আশ্বাস দেওয়া হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে।
বাড়িতে ঢুকে লোহার দরজা ভেঙে সোনা-রুপোর গয়না ও লক্ষাধিক টাকা চুরি
Published by Newz4 Admin
|
Posted by দেবিকা দত্ত
-
October 09, 2026
Posted by দেবিকা দত্ত
— বিজ্ঞাপন —
— বিজ্ঞাপন —