Baruipur Municipal: চরম অর্থ সংকট, প্রশাসনিক অসহযোগিতা ও নানা ভাবে কাউন্সিলরদের মিথ্যা মামলায় ফাঁসানোর কারণে বর্তমান পুর বোর্ড ভেঙে দিতে চলেছেন মমতা পন্থী তৃণমূল কংগ্রেস পরিচালিত বারুইপুর পুরসভার সমস্ত সদস্যরা। মঙ্গলবার বিকেলে পুরসভার ভবনে সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়ে দেন চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান গৌতম দাস সহ অন্যান্য কাউন্সিলররা। চলতি মাসের শেষ সপ্তাহে পুরসভার শেষ বোর্ড মিটিং করে এই সিদ্ধান্ত কার্যকরী করবেন বলেও জানান তাঁরা। শেষ বোর্ড মিটিংয়ের পর মহকুমা শাসকের কাছে গিয়ে সকলেই পদত্যাগ পত্র তুলে দেবেন বলে এদিন জানান তাঁরা।
১৭ জন কাউন্সিলরের মধ্যে ১৪ জন কাউন্সিলর এদিন উপস্থিত ছিলেন এই সাংবাদিক বৈঠকে। বাকিরা ব্যক্তিগত কারণে এদিন এই বৈঠকে ছিলেন না বলে জানা গিয়েছে।
এদিন সাংবাদিক বৈঠকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা জানান, পুরসভা চরম আর্থিক সংকটে চলছে। কর্মীদের বেতন দেওয়া যাচ্ছে না। এ বিষয়ে প্রশাসনিক স্তরে জানিয়েও কোন লাভ হয়নি। পাশাপাশি তাঁদের আরও অভিযোগ, উদ্দেশ্য প্রনোদিত ভাবে বেশ কিছু কাউন্সিলরের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাঁদের ফাঁসানো হয়েছে। কোন কোন কাউন্সিলরকে আদালত বারুইপুর এলাকায় ঢুকতেই বারণ করেছেন এই মামলার জেরে। এমনকি পুরসভার চেয়ারম্যানের উপরও পুরসভায় যাতায়াত করার ক্ষেত্রে নানান বিধি নিষেধ আরোপ করা হয়েছে।
এই সমস্ত অসুবিধার কারণে এলাকার মানুষকে সঠিক ভাবে পরিষেবা দিতে সমস্যা দেখা দিচ্ছে বলে দাবি পুর বোর্ডের সদস্যদের। আর সেই কারণে পুর বোর্ডের মেয়াদ শেষের তিন মাস আগেই নিজেরা বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।