Bus Accident:সরকারি বাসের পেছনে বাঁশ বোঝাই পিকআপ ভ্যানের ধাক্কা, ভাঙল বাসের পেছনের কাঁচ। অল্পের জন্য রক্ষা বাস যাত্রীদের। ঘটনাটি বুধবার সকালে মেদিনীপুর থেকে খড়গপুর যাওয়ার কংসাবতী নদীর উপরে বীরেন্দ্র শাসমল সেতুতে ঘটেছে।
জানা গিয়েছে, ওই সরকারি বাসটি যাচ্ছিল খড়গপুরের দিকে, আর বাঁশ বোঝাই পিকআপ ভ্যানটিও যাচ্ছিল একই দিকে। তার যাওয়ার কথা ছিল উলুবেড়িয়াতে। পিকআপ ভ্যানের চালকের কথা অনুযায়ী ওই সরকারি বাসটি তার গাড়িকে ওভারটেক করে হঠাৎই সজোরে ব্রেক কষে। ফলে সে নিয়ন্ত্রণে না রাখতে পেরে বাসের পেছনে ধাক্কা মারে।
এই দুর্ঘটনার ফলে বাসের কাঁচ ভাঙলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় মেদিনীপুর কোতয়ালী থানার ট্রাফিক পুলিশ। পুলিশ পিকআপ ভ্যান এবং চালককে আটক করেছে।করা হয়েছে জরিমানা।