Saturday, October 31, 2026
আল্ট্রা লোকাল

আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল বাঁকুড়া আদালত

Published by Newz4 Admin |
মহম্মদ শাহজাহান আনসারী Posted by মহম্মদ শাহজাহান আনসারী
- October 05, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল বাঁকুড়া আদালত

বাঁকুড়া, মহম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়া: পশ্চিম মেদিনীপুরের শালবনি থানা এলাকায় পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নবনির্বাচিত সদস্য ও কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শামিম আহমেদ সহ অন্যান্য মহিলা আইনজীবীদের ওপর নৃশংস হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল বাঁকুড়া জেলা আদালত। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আদালত চত্বরে এক বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ সভার আয়োজন করেন বার কাউন্সিলের সদস্য ও স্থানীয় আইনজীবীরা।

উল্লেখ্য, সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ও শালবনি এলাকায় রাজনৈতিক হিংসার জেরে ঘরছাড়াদের আইনি সহায়তা দিতে গিয়ে হামলার মুখে পড়েন আইনজীবী শামিম আহমেদ ও তাঁর প্রতিনিধি দল। অভিযোগ, তাঁদের গাড়ি ভাঙচুর করা হয় এবং মহিলা আইনজীবীদের হেনস্থা ও মারধর করা হয়।

এই ঘটনার প্রতিবাদেই বাঁকুড়া আদালতে আইনজীবীরা একত্রিত হয়ে ক্ষোভ উগরে দেন। বিক্ষোভকারীদের দাবি, "আইনজীবীরা দলমত নির্বিশেষে সাধারণ মানুষের আইনি অধিকার রক্ষায় কাজ করেন। তাঁদের ওপর এই ধরনের পরিকল্পিত হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।" বিক্ষোভ সভা থেকে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোরালো দাবি জানানো হয়েছে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বার কাউন্সিলের সদস্যরা।

— বিজ্ঞাপন —
Advertisement