Crime News : ঘুষ নেওয়ার অভিযোগে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের কাছে হাতেনাতে ধরা পড়লেন এক পুলিশকর্মী। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার এএসআই মোহন সামন্তকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরে এই দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ মহলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকোনা থানার অদূরে রাস্তার ধারে এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার সময় ওই পুলিশ আধিকারিককে ধরে ফেলেন দুর্নীতি দমন শাখার প্রায় ১০ জনের একটি দল।
অভিযোগকারী বিশ্বজিৎ ভূঁইয়া। বাড়ি চন্দ্রকোনার রামগড় গ্রামে। অভিযোগ, আদালতে চলা একটি মামলায় কেস ডায়েরি (CD) জমা দেওয়ার কথা থাকলেও তা জমা দিচ্ছিল না পুলিশ। এই কাজের পরিবর্তে এএসআই মোহন সামন্ত টাকা দাবি করেন বলে জানান বিশ্বজিৎ ভূঁইয়া।
এদিন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিকল্পনামাফিক অভিযান চালিয়ে টাকা নেওয়ার সময় ওই পুলিশকর্মীকে হাতেনাতে ধরে ফেলেন দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা। সূত্রের খবর, ঘুষ নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা।
যদিও এই ঘটনা নিয়ে কোনও জেলা পুলিশ আধিকারিক বা প্রশাসনের কোনও আধিকারিক সংবাদমাধ্যমের সামনে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। তবে দুর্নীতি দমন শাখার এই অভিযান ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে জেলা পুলিশ মহলে।