অনন্যা দে,আলিপুরদুয়ার, ১৯ অক্টোবর: দুর্গাপুজো মানে থিমের লড়াই। সেই লড়াইয়ে এবার শহরের বড় বড় পুজো কমিটিগুলোকেও পেছনে ফেলে দিল গ্রামের এক পুজো। আলিপুরদুয়ার-২ ব্লকের চাপড়েরপাড় যুব ইউনিটের দুর্গাপুজোয় থিম এবার জনসংঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি।
প্যান্ডেল জুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির বিশাল প্রতিকৃতি, আর ভিতরে তাঁর জীবন কাহিনী বর্ণিত। প্যান্ডেলের গায়ে লেখা তাঁর ঐতিহাসিক স্লোগান - 'এক দেশ, এক বিধান, এক নিশান'। এই অভিনব ভাবনাই দর্শকদের টানছে সবচেয়ে বেশি।
কমিটির কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে বাজেট প্রকাশ না করলেও এলাকাবাসীর দাবি, এবারের বাজেট প্রায় পনেরো লক্ষ টাকা। বিগ বাজেটের এই পুজোয় আলোকসজ্জার দায়িত্বে রয়েছে চন্দননগরের বিখ্যাত শিল্পীরা। ঝলমলে আলোয় রাতের বেলায় আরও মোহময়ী হয়ে উঠছে প্যান্ডেল।
এই পুজোর মূল উদ্যোক্তা কলকাতা হাইকোর্টের আইনজীবী উমাশঙ্কর রায়। তাঁর উদ্যোগ ও পরিকল্পনাতেই এমন অভিনব থিম বাস্তবায়িত হয়েছে। পুজোর ক'দিন প্রতিদিনই প্যান্ডেলে থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
ইতিমধ্যেই এই পুজো দেখতে দর্শকদের ভিড় উপচে পড়ছে। গ্রামের পুজো যে শহরের পুজোকেও টেক্কা দিতে পারে, তা প্রমাণ করে দিয়েছে চাপড়েরপাড় যুব ইউনিট। দেশাত্মবোধ ও ভক্তির মেলবন্ধনে এবারের দুর্গাপুজোয় আলিপুরদুয়ার জেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই প্যান্ডেল।