অনন্যা দে, আলিপুরদুয়ার, ২৭ অক্টোবর: অবৈধ মদের কারবারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল শামুকতলা থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শামুকতলা রোডের কাছে একটি ধাবায় অভিযান চালিয়ে উদ্ধার করা হল ৫১.১০ লিটার অবৈধ মদ। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য ২৫ হাজার ৪০০ টাকা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে ধাবায় অবৈধ মদ মজুত রাখার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশ বাহিনীকে ধাবার দিকে এগিয়ে আসতে দেখে ধাবার মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এরপর ধাবায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার করেন পুলিশকর্মীরা।
এই ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপের প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত ধাবার মালিকের হদিস পাওয়া যায়নি। এলাকায় অবৈধ মদের কারবার রুখতে পুলিশের এই অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।