অনন্যা দে, আলিপুরদুয়ার, ৩১ অক্টোবর: ভুটানে হিমবাহ হ্রদ ফেটে বন্যার আশঙ্কার মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়াল সংকোশ নদী। শুক্রবার গভীর রাতে আচমকাই কালো হয়ে যায় নদীর জল। সেই সঙ্গে ভুটানের দিক থেকে ভেসে আসতে শুরু করে বিপুল সংখ্যক মরা মাছ। শনিবার সকালেও নদীতে প্রচুর মরা মাছ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে নদী তীরবর্তী এলাকায়।
খবর পেয়ে শনিবার সকালে সংকোশ নদী সংলগ্ন গ্রামে পৌঁছন রাজ্যের পরিবেশ ও বনমন্ত্রী তথা কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাঁও। তিনি নদী সংলগ্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নেন।
বনমন্ত্রী জানান, ভুটানের ঘটনার পর উত্তরবঙ্গের একাধিক জেলা সতর্ক রয়েছে। সংকোশ নদীতে বর্তমানে জলস্তর স্বাভাবিক থাকলেও জল কালো হয়ে যাওয়া এবং বিপুল সংখ্যায় মাছের মৃত্যু যথেষ্ট উদ্বেগজনক। নদীতে ভেসে আসা মরা মাছ সংগ্রহ করতে শুরু করেছেন অনেকে। এই মাছ বাজারে বিক্রি হলে বড়সড় স্বাস্থ্য বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। তাই কোনওভাবেই মরা মাছ সংগ্রহ, বিক্রি বা খাওয়া যাবে না বলে সাধারণ মানুষকে সতর্ক করেছেন তিনি। সব মিলিয়ে বন্যার আশঙ্কার পাশাপাশি সংকোশের মরা মাছ ঘিরে নতুন করে উদ্বেগে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা।