Saturday, October 31, 2026
জেলা

মহাবীরস্থান বাজারে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, ব্যবসায়ীদের সমস্যার সমাধানে একাধিক আশ্বাস

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 31, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
মহাবীরস্থান বাজারের সমস্যা খতিয়ে দেখছেন মন্ত্রী

শিলিগুড়ি: মহাবীরস্থান বাজারের সমস্যা খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শনে গেলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। শুক্রবার বাজারে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। শোনেন তাঁদের অভাব-অভিযোগ। এ দিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা অমিত জৈন এবং শিলিগুড়ি পুরনিগমের কমিশনার। বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখে একাধিক সমস্যার সমাধানের আশ্বাস দেন মন্ত্রী।

বাজারের মাছ ব্যবসায়ীদের তরফে মূলত পানীয় জলের সমস্যার কথা তুলে ধরা হয়। তাঁদের অভিযোগ, বাজারে পানীয় জলের কল না থাকায় প্রতিদিনই সমস্যায় পড়তে হচ্ছে। ব্যবসায়ীদের কথা শোনার পর পুরনিগমের কমিশনার ও সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন শঙ্কর ঘোষ।

পাশাপাশি ফুলেশ্বরী ও মহাবীরস্থান রেলগেট বন্ধের সম্ভাবনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ব্যবসায়ীরা। এই দুই রেলগেট বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষের যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা। মন্ত্রী জানান, বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন তিনি। বর্ধমান রোডের রেলগেটের ক্ষেত্রেও বিকল্প রাস্তা তৈরির প্রস্তাব রেলের কাছে তুলে ধরার কথা জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গতকালই শহরের ন'টি বাজার কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন পর্যটনমন্ত্রী। সেই বৈঠকেও বাজারের সমস্যা এবং রেলগেট সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা হয়।

এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান শঙ্কর ঘোষ। তিনি স্পষ্ট জানান, মহাবীরস্থান বাজারে রাস্তার উপর বসা দোকানগুলি সরিয়ে দেওয়া হবে। রাস্তা দখল করে কোনও দোকান বসতে দেওয়া হবে না। যানজট নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক রাখতেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি।

মন্ত্রী আশ্বাস দিয়েছেন, বাজারের পরিকাঠামোগত সমস্যা থেকে রেলগেট সংক্রান্ত জটিলতা, সমস্ত বিষয়েই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে। এখন দেখার, এই আশ্বাসের পর বাস্তবে কত দ্রুত সমস্যাগুলির সমাধান হয়।

 

— বিজ্ঞাপন —
Advertisement