অনন্যা দে, আলিপুরদুয়ার: দুর্গাপুজো শেষে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে উৎসবের আবহ মাদারিহাটের হলং নদীর নিরঞ্জন ঘাটে। ডুয়ার্সের অন্যতম বড় এই নিরঞ্জন ঘাটে ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিমা নিয়ে আসছেন পুজো উদ্যোক্তারা। সুশৃঙ্খলভাবে বিসর্জন পর্ব সম্পন্ন করতে নিরঞ্জন ঘাট কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা।
তবে এবারের বিসর্জনে রয়েছে বিশেষ আকর্ষণ। প্রথমবারের জন্য প্রতিমা বিসর্জনে ব্যবহার করা হচ্ছে মনোরেল। এর আগে এই ঘাটে জেসিবি মেশিনের সাহায্যে প্রতিমা বিসর্জন করা হত। কিন্তু এবার নিয়মশৃঙ্খলা বজায় রেখে মনোরেলের মাধ্যমে চলছে বিসর্জন পর্ব। নতুন এই ব্যবস্থায় বিসর্জন প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে প্রতিমা এসে পৌঁছেছে হলং নদীর ঘাটে। প্রতিমা বিসর্জন দেখতে ঘাটে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বিসর্জন পর্ব সম্পন্ন করাই এখন নিরঞ্জন ঘাট কমিটির মূল লক্ষ্য। এবার মনোরেলের ব্যবহার ঘিরে ঘাটে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।